বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি হতেই একে একে জট খুলতে শুরু করেছে। ইতিমধ্যেই হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলে দেওয়ার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারপরই এবার খবর মিলল ভারতের পতাকাবাহী জাহাজ দিশা ইতিমধ্যেই নিরাপদে হরমুজ অতিক্রম করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিপুল LNG নিয়ে গতকাল অর্থাৎ সোমবারই আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ভারতের দিকে রওনা হয়েছে জাহাজটি। শুধু তাই নয়, উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা 34 জন ভারতীয় সহ অন্যান্য বিদেশী জাহাজগুলিও শীঘ্রই ভারতীয় বন্দরে পৌঁছবে বলেই আশা করা যাচ্ছে।
হরমুজ পেরিয়ে ভারতের পথে বাণিজ্যিক জাহাজ দিশা
রিপোর্ট অনুযায়ী, ভারতমুখী মোট 35টি জাহাজ পারস্য উপসাগরে আটকে পড়েছিল। যার মধ্যে ভারতের পতাকা লাগানো জাহাজ রয়েছে 13টি। এই জাহাজগুলিতে রয়েছে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল, গ্যাস এবং কৃষি কাজের উপযোগী নানান উপাদান। গতকাল ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হতেই হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজ দিশা। এই জাহাজের পেটে রয়েছে বিপুল পরিমাণ LNG।
শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে আটকে ভারতগামী 16টি জাহাজে রয়েছে বিভিন্ন প্রজাতির সার। এরমধ্যে আটটি জাহাজে রয়েছে ইউরিয়া, 4টি জাহাজে ডিএপি, তিনটিতে সালফার এবং একটিতে অ্যামোনিয়া রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই জাহাজগুলি ভারতীয় বন্দরে এসে পৌঁছলে লাভবান হবে ভারতের কৃষিক্ষেত্র। এছাড়াও 15টি জাহাজে রয়েছে অপরিশোধিত তেল, LNG এবং LPG।
অবশ্যই পড়ুন: এ বিশ্বকাপে আদৌ খেলবেন নেইমার? আশাহত হতে পারেন ব্রাজিলের সমর্থকরা
এ প্রসঙ্গে ভারতীয় নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক, ওপেশ কুমার শর্মা জানিয়েছেন, LNG ক্যারিয়ার দিশাতে অন্তত 62,370 টন গ্যাস রয়েছে। জাহাজটি 18 জুনের মধ্যে দাহেজ বন্দরে পৌঁছবে বলেই আশা করা যাচ্ছে। এখানে বলে রাখা প্রয়োজন, এখনও পর্যন্ত মোট 10টি ভারতীয় পতাকা লাগানো জাহাজ এবং ভারতমুখী 5টি বিদেশি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে।