সৌভিক মুখার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টে আজও ধাক্কা খেলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। শুক্রবার রাজ্যের পঞ্চম বেতন কমিশনের আওতায় কর্মরত কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলার (DA Case) শুনানি পিছিয়ে গেল। এর আগে গত ১৯ আগস্ট বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হলেও আজ ফের পিছিয়েছে দিনক্ষণ। এ বিষয়ে আগেই তথ্য দিয়েছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট অফ এমপ্লয়িজের সদস্য শ্যামল কুমার মিত্র। তবে কবে ঠিক হল পরবর্তী শুনানি?
ডিএ মামলার পরবর্তী শুনানি কবে?
প্রসঙ্গত, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি চন্দ্রশেখরের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে কিছু কারণবশত সেই শুনানি পিছিয়েছে। শ্যামল মিত্র জানিয়েছিলেন, গত ১৯ আগস্ট সুপ্রিম কোর্ট যাবতীয় তথ্য ইন্দু মালহোত্রার কমিটিকে জানানোর নির্দেশ দিয়েছিল। এছাড়া বিভিন্ন সংগঠনে কারা প্রতিনিধি থাকবেন তার তালিকাও চাওয়া হয়। তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে আগামী ২৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে কর্মী সংগঠনের আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, “আগামী ১৪ ডিসেম্বর কমিটি আমাদের সঙ্গে ফিজিক্যালি বসবেন বলে তারা রিপোর্টে জানিয়েছে এবং রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে রাজ্য সরকার এখনও পর্যন্ত ৮১০৩ কোটি টাকা রিলিজ করেছে। ৪২ হাজার কোটি টাকা রিলিজ করতে হবে বলে তারা অর্ডার নেওয়ার সময় বললেন। আর আজকে এখনও পর্যন্ত ৮১০৩ কোটি টাকা রিলিজ হয়েছে। ফলে বুঝতেই পারছেন পার্থক্যটা। এই টাকাটা রিলিজ করতে হবে।”
আরও পড়ুন: পুজোর ছুটিতে কি আটকে যাবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? অক্টোবরের কিস্তি নিয়ে বড় আপডেট
তিনি আরও বলেন, “এখনও পর্যন্ত গ্রান্ট-ইড কর্মীরা ডিএ পাননি। যেমন প্রাথমিক স্কুলের শিক্ষক, সেকেন্ডারি স্কুলের শিক্ষক, হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক, কলেজের অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তারা পাননি। যেদিন মিটিং হবে অবশ্যই আমরা এই কথাগুলো তুলব। ২৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানি। মূল মামলার পরবর্তী শুনানি। সেদিনও আমরা মূল বক্তব্য তুলে ধরব।”