বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাঝে আর একটা দিন। আগামী 21 জুন বিশ্ব যোগ দিবস (International Day Of Yoga)। যা এ বছর রাজ্যে ধুমধাম করে পালিত হবে। আর সেই যোগ দিবসে সমস্ত সরকারি কর্মীকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে বলেই বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্যের মুখ্য সচিবের দফতর (Government Of West Bengal)। পরে এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে সংগ্রামী যৌথমঞ্চ। আদালতের কাছে তাদের আবেদন ছিল, “সরকারি কর্মীরা কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কিনা সেটা তাদের নিজস্ব ইচ্ছা, অনিচ্ছার উপর নির্ভর করে। এক্ষেত্রে জোর করতে পারে না সরকার।” সেই মামলায় শুক্রবার শুনানি চলাকালীন আদালতে শুভেন্দু অধিকারী সরকার জানিয়ে দিল, যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয়।
সময় মতো আদালতে সিদ্ধান্ত জানাল রাজ্য
রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীকে যোগ দিবসের কর্মসূচিতে উপস্থিত হতে হবে এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের হওয়ার পর বৃহস্পতিবার সংগ্রামী যৌথ মঞ্চের সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা নিজেই জানিয়েছিলেন, “যোগদিবসের মতো কর্মসূচি সত্যিই ভাল উদ্যোগ। তবে সেখানে কে অংশগ্রহণ করবেন আর কে করবেন না সেটা প্রত্যেকের ব্যক্তিগত ইচ্ছের উপর নির্ভর করে।”
এই ধরনের বিজ্ঞপ্তি জারি করার এক্তিয়ার রাজ্যের আছে কিনা তা জানতে চাওয়া হয় বিচারপতির তরফে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই মতোই, শুক্রবার আদালতে রাজ্যের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুধু তাই নয়, এই ধরনের কর্মসূচিতে কেউ উপস্থিত না হলে তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন সরকার।
অবশ্যই পড়ুন: আফগানিস্তান সিরিজে আচমকাই টিম ইন্ডিয়ায় রদবদল, তারকা প্লেয়ারকে ফেরাল BCCI
উল্লেখ্য, রাজ্যে পালাবদল হতেই শহরে ধুমধাম করে পালিত হতে চলেছে বিশ্ব যোগ দিবস। আগামী 21 তারিখ রেড রোডে যোগ দিবসের কর্মসূচিতে উপস্থিত থাকবেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকরা। তার আগের দিন অর্থাৎ 20 তারিখ গঙ্গাবক্ষে 500 নৌকায় হবে যোগাভ্যাস।