সৌভিক মুখার্জী, কলকাতা: ভোটের আগেই রাজ্যের বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে আগের সরকারের চালু করা যুবসাথী বন্ধ করে যুবশক্তি ভরসা কার্ড (Yuva Shakti Scheme) দেওয়া হবে, এবং যেখানে ৩০০০ টাকা করে অর্থ সহায়তা মিলবে। তবে সরকার গঠনের পরেও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও নামগন্ধ করা হয়নি। আজ রাজ্যের প্রথম বাজেট (West Bengal Budget 2026)। সেখানেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই প্রকল্প নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন। আগামী অক্টোবর মাস থেকেই দেওয়া হবে এই প্রকল্পের সুবিধা। কারা পাবেন তা জানুন বিস্তারিত।
যুবশক্তি প্রকল্প নিয়ে বড় খবর
আজ রাজ্যের বাজেটে একাধিক জনকল্যাণমূলক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তার মধ্যেই এই ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। তিনি জানান, এই প্রকল্প আগামী অক্টোবর মাস থেকেই চালু হবে তবে। এই স্কিমে আপাতত গ্রাজুয়েট বেকারদের জন্য ৩০০০ টাকা করে দেওয়া হবে এবং অন্যান্যদের মাসিক ২০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। তবে শর্ত রয়েছে। পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে, এবং অন্য কোনও সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। তাহলেই এই প্রকল্পের সুবিধা মিলবে।
বিজেপির সংকল্পপত্রে মূল বিষয় ছিল কর্মসংস্থান। পাশাপাশি পরীক্ষায় বসার জন্য আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করা হয়। সেই মতোই এবার বাজেটে বড়সড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী। আগে থেকেই যুবশক্তি ভরসা কার্ডে ৩০০০ টাকা করে দেওয়ার কথা ছিল। কিন্তু এখন অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জানা গেল, শুধুমাত্র গ্রাজুয়েট বেকাররাই ৩০০০ টাকা করে পাবে এবং অন্যান্য যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করেছে তারা ২০০০ টাকা করে পাবে। অক্টোবর মাস থেকেই এই প্রকল্প নিয়ে তোড়জোড় শুরু হবে বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন: সিভিকদের বেতন বৃদ্ধি, মেয়েদের ৫০ হাজার টাকা! রাজ্যের বাজেটে বড় ঘোষণা
এছাড়া রাজ্যের বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এদিন আরও একাধিক জনকল্যাণমূলক ঘোষণা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি। হ্যাঁ, এবার সমস্ত সরকারি কর্মচারীদের ২০% ডিএ বাড়িয়ে ৩৮% করা হয়েছে। ফলে কেন্দ্রের সঙ্গে ফারাক অনেকটাই কমেছে। পাশাপাশি গর্ভবতী মায়েদের ২১ হাজার টাকা আর্থিক সহযোগিতা, কলেজে পড়াশোনার জন্য অবিবাহিত মেয়েদের এককালীন ৫০ হাজার টাকা, অঙ্গনওয়াড়ি কর্মীদের ৫০০০ টাকা করে বেতন বৃদ্ধি, অন্নপূর্ণা ভাণ্ডারে ৩০০০ টাকা সহ একাধিক ঘোষণা করা হয়েছে।