শুধু অন্নপূর্ণা ভাণ্ডারই নয়, রান্নাঘর থেকেও আয় হবে মহিলাদের, উদ্যোগ রাজ্য সরকারের

অনন্যা সরকার, কলকাতা: এদেশে অধিকাংশ গৃহবধূদের রান্নাঘরেই দিনের অনেকটা সময় কেটে যায়, কিন্তু তার বিনিময়ে আক্ষরিক অর্থে কোনও পারিশ্রমিক জোটে না। তাদের কথা ভেবেই এবার পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এল বিশেষ সুযোগ। সোমবার বিজেপি সরকার তাদের প্রথম রাজ্য বাজেট (West Bengal Budget 2026) পেশ করেছে। আর এই বাজেটে রয়েছে মহিলাদের জন্য একাধিক ঘোষণা, তার মধ্যে অন্যতম হল অন্নপূর্ণা ভাণ্ডার ও ‘ক্লাউড কিচেন পলিসি’ (Cloud Kitchen Policy)। কী কী সুবিধা মিলবে এই পলিশি থেকে, আসুন জেনে নিই। 

ক্লাউড কিচেন বানিয়ে মহিলারা হবেন স্বনির্ভর

রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, গৃহস্থ বাড়ির রান্নাঘরকে ক্লাউড কিচেন বানিয়ে উপার্জন শুরু করার জন্য মহিলাদের উৎসাহিত করা হবে। রাজ্য সরকার শীঘ্রই চালু করবে এই ক্লাউড কিচেন পলিসি। এই পলিসি অনুযায়ী ঘরোয়া পরিকাঠামো ব্যবহার করে নিজের বাড়ি থেকেই ব্যবসা শুরু করতে পারবেন গৃহবধূরা। 

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন যে, নবগঠিত বিজেপি সরকার এরাজ্যের মহিলাদের ক্ষমতায়ন ও স্বনির্ভরতার ওপর জোর দিচ্ছে। স্কুল-কলেজে ছাত্রী থেকে গর্ভবতী মহিলা – বিভিন্ন স্কিমের অধীনে অর্থ সাহায্য পাবেন। সরকারি চাকরির ক্ষেত্রেও মহিলাদের জন্য রয়েছে বিশেষ সংরক্ষণ। এদিন অন্নপূর্ণা যোজনার পাশাপাশি কলেজ ছাত্রীদের নতুন স্কিমে আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুনঃ কলকাতার কাছেই ‘সাতশ পাহাড়ের দেশ’ থেকে, ঘুরে আসুন বর্ষায়

বর্তমানে ‘ক্লাউড কিচেন’-এর ব্যবসা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইন ডেলিভারির উপলব্ধতা, বাড়ি বা কর্মস্থলে রান্না করা টাটকা খাবারের চাহিদা ও কম পুঁজি দিয়ে শুরু করা যায় বলে অনেকেই এই ব্যবসার দিকে ঝুঁকছেন। এই আবহে সরকারের ক্লাউড কিচেন পলিসি নিয়ে আসার সিদ্ধান্ত অনেক গৃহস্থ মহিলাদেরই মুখে হাসি ফোটাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment