সৌভিক মুখার্জী, শীতলকুচি: এবার ডিম হামলার শিকার হলেন বামফ্রন্টের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। রাজ্যে পালাবদল হতেই তৃণমূলের নেতা কর্মীদের উপর একের পর এক ডিম বৃষ্টির ঘটনা সামনে আসছে। শেষমেষ বামফ্রন্টের নেত্রীর উপরেও ডিম হামলা। সূত্রের খবর, মঙ্গলবার সকালে কোচবিহারের শীতলকুচিতে মীনাক্ষীর গাড়ি থামিয়ে তাঁদের উপর একের পর এক ডিম ছুঁড়তে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। এমনটাই দাবি সিপিআইএম নেত্রীর।
মীনাক্ষীর গাড়িতে ডিম হামলা
এদিন শীতলকুচিতে পৌছনো মাত্রই মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ডিম ছোঁড়ে কিছু দুর্বৃত্তরা। বাধ্য হয়ে ভিডিও করে পুলিশের কাছে দাবি জানান মীনাক্ষী। তাঁকে বলতে শোনা যায়, বিজেপির নেতা কর্মীরা এভাবে ডিম ছুঁড়ছে। আমার অপরাধটা কী? আগে এদেরকে পুলিশ গ্রেফতার করুক। তারপর দেখা যাবে। এদের জন্য কি রাস্তায় বেরোনো যাবে না? উল্লেখ্য, আজ শীতলকুচিতে মৃত এক সিপিএম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন অলোকেশ দাস, অনন্ত রায়সহ কর্মীরা। সেখানেই ঘটে এই ঘটনা।
আরও পড়ুন: তদন্তে অসহযোগিতার অভিযোগ, হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!
প্রসঙ্গত, গত শনিবার শীতলকুচি ব্লকের সিংহিমারি গ্রামের বাসিন্দা মন্টু মিয়া নামের এক সিপিএম কর্মীর নিখোঁজের খবর মিলেছিল। কিন্তু রবিবার স্থানীয় নদীর ধার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর পরিবারের অভিযোগ ছিল, ওই ব্যক্তি গরুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিল বলে স্থানীয় কিছু মানুষ তাঁকে পিটিয়ে খুন করেছে। এমনকি এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই সূত্রেই আজ শীতলকুচিতে মৃত সিপিএম কর্মীর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তাঁর কর্মীরা। তবে সেখানেই তাঁর গাড়ি থামিয়ে চলে ডিমে হামলা।
ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতা গাড়ির কাঁচের উপর একের পরের ডিম ছুঁড়ে মারছে। এমনকি সেই ডিমের হামলায় গাড়ির কাঁচ পুরো ঝাপসা হয়ে যায়, এবং সেখানেই অপেক্ষা করতে হয় মীনাক্ষীদের। তিনি ভিডিও বানিয়েই নিজের ক্ষোভ উগড়ে দেন বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তাঁকে স্পষ্ট বলতে শোনা যায়, “এদেরকে গ্রেফতার না করা হলে আমরা যাব না। আমাদের অপরাধটা কোথায়?” এমনকি তিনি সেই ভিডিও প্রমাণের জন্য পুলিশের হাতে তুলে দেবেন বলেও জানান।