বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটা অবসর। এবার অবসর ঘোষণা (Retirement) করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটসম্যান পুনম রাউত (Punam Raut)। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের কথা জানান তিনি। আর সেই সূত্র ধরেই এক দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক কেরিয়ারে দাড়ি যোগ হল পুনমের। 2017 মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারতীয় দল। সেই আসরে জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন পুনম।
কেন অবসরের সিদ্ধান্ত?
2009 সালে ভারতের জার্সিতে আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে অভিষেক হয়েছিল পুনম রাউতের। এরপর থেকে একটা দীর্ঘ সময় জাতীয় দলে নিজেকে মেলে ধরার পর টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েছিলেন তিনি। 2021 সাল থেকেই মাঠের বাইরে ছিলেন এই খেলোয়াড়। দীর্ঘ 16 বছর ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের টিকে থাকা 37 বছর বয়সী এই মহিলা ক্রিকেটার গতকাল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আবেগঘন পোস্ট করেন।
অবসরের সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি লেখেন, “মুম্বইয়ের রাস্তা থেকে ভারতীয় জার্সি পরা পর্যন্ত এই যাত্রা আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। এই পথচলা ত্যাগ, সংগ্রাম, একাধিক স্মরণীয় জয় এবং শিক্ষায় পরিপূর্ণ। যা আমি সারা জীবন মনে রাখব।” এদিন ভারতীয় তারকা আরও জানান, “ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে শুধুমাত্র স্বপ্ন পূরণই ছিল না সেই সাথে, এটা আমার কাছে অনেক বড় একটা সুযোগ যা আমি গর্বের সাথে বহন করে এসেছি। এই দীর্ঘ সময়ে আমাকে যারা সমর্থন করেছিলেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।”
আরও পড়ুন: ‘আমরা প্রতিযোগিতায় ভয় পাই না’ আর চুপ নয়! মাস্ককে সপাটে বার্তা মুকেশ আম্বানির রিলায়েন্সের
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঠিক কোন কারণে অবসর সে কথা আনুষ্ঠানিকভাবে খোলসা করেননি ভারতীয় মহিলা ক্রিকেটার। বলে রাখি, 2009 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর টি-টোয়েন্টি থেকে শুরু করে টেস্ট এবং ওয়ানডে সব সংস্করণে খেলেছিলেন রাউত। এর মধ্যে 73টি ওয়ানডে ম্যাচ খেলে করেছিলেন 2299 রান। এছাড়াও 35টি টি-টোয়েন্টি ও চারটি টেস্ট খেলে যথাক্রমে 719 এবং 264 রান করেছেন এই ভারতীয় তারকা।