সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের পোয়া বারো। হাওড়া ডিভিসনে (Howrah Division) একাধিক লোকাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। মূলত পুজোর সময়ে ভিড় সামাল দিতে একগুচ্ছ ট্রেন চালানোর (Special Trains) সিদ্ধান্ত নিয়েছে। এই সুবিধা পুজোর কয়েকটা দিনই মিলবে বলে খবর। আপনিও রোজ হাওড়া ডিভিশনের ট্রেনে যাতায়াত করেন? পুজোর সময়েও ট্রেনে ওঠার প্ল্যান? তাহলে রেলের নতুন ট্রেনগুলি সম্পর্কে বিশদে জেনে নেবেন।
পুজো স্পেশাল একগুচ্ছ ট্রেনের ঘোষণা করল রেল
পূর্ব রেলের (Eastern Railways Zone) তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপুজোর ছুটির দিনগুলিতে সম্ভাব্য অতিরিক্ত ভিড় সামাল দিতে আগামী ১৭ থেকে ২১ অক্টোবর অবধি বিশেষ ট্রেন চলবে। বর্ধমান ও হাওড়া ভায়া ডানকুনি, বর্ধমান ও হাওড়া ভায়া ব্যান্ডেল, ব্যান্ডেল ও হাওড়া, তারকেশ্বর ও শেওড়াফুলি, ব্যান্ডেল ও নৈহাটি এবং হাওড়া ও চন্দনপুর স্টেশনের মধ্যে স্পেশাল ট্রেনগুলি চালাবে রেল।
এক নজরে বিশেষ ট্রেনের তালিকা ও সময়সূচী
১) ট্রেন নম্বর ০৩০৭১/০৩০৭২ বর্ধমান হাওড়া বর্ধমান লোকাল ট্রেন চলবে। আপ ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে মধ্যরাত ০০:৪৫ নাগাদ এবং বর্ধমান স্টেশন ঢুকবে রাত ৩:১০ নাগাদ। এদিকে ডাউন লাইনে বর্ধমান থেকে রাত ২১:৪০ নাগাদ ছাড়বে এবং হাওড়া পৌঁছাবে রাত ০০:০৫ নাগাদ।
২) ট্রেন নম্বর ০৩০৭৫/০৩০৭৬ তারকেশ্বর-শেওড়াফুলি-তারকেশ্বর বিশেষ লোকাল ট্রেন চলবে। আপ লাইনে ট্রেনটি শেওড়াফুলি থেকে ছাড়বে রাত ০০:৩০ নাগাদ এবং তারকেশ্বর ঢুকবে রাত ১:২০ নাগাদ। ডাউন লাইনে তারকেশ্বর থেকে ছাড়বে রাত ২৩:১৫ নাগাদ এবং শেওড়াফুলি ঢুকবে রাত ০০:০৫ নাগাদ।
৩) ০৩০৭৯/০৩০৭৬ বর্ধমান-হাওড়া-বর্ধমান স্পেশাল ট্রেন চলবে। আপ লাইনে ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে রাত ১:১৫ নাগাদ এবং বর্ধমান ঢুকবে রাত ৩:২০ নাগাদ। এরপর ডাউন লাইনে বর্ধমান থেকে রাত ২২:৩০ নাগাদ ছাড়বে এবং হাওড়া ঢুকবে মধ্যরাত ০০:৪৫ নাগাদ।
৪) ৩৭৭৩১/৩৭৭৩২ ব্যান্ডেল-মেমারি-ব্যান্ডেল স্পেশাল ট্রেন চলবে। ট্রেনটি আপ লাইনে ব্যান্ডেল থেকে রাত ২০:৫৮ মিনিটে ছাড়বে এবং বর্ধমান ঢুকবে রাত ২২:২৫ নাগাদ। এরপর ডাউন লাইনে বর্ধমান থেকে রাত ২২:৪০ নাগাদ ট্রেনটি ছাড়বে এবং ব্যান্ডেল ঢুকবে রাত ০০:১০ নাগাদ। যাত্রা শুরুর তারিখ ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর অবধি ৩৭৭৩১ ব্যান্ডেল-মেমারি লোকাল বর্ধমান অবধি সম্প্রসারিত হবে এবং ৩৭৭৩২ মেমারি-ব্যান্ডেল লোকাল মেমারির বদলে বর্ধমান থেকে যাত্রা শুরু করবে।
আরও পড়ুনঃ ষষ্ঠীর সকালে রেল বিভ্রাট! যাত্রী বিক্ষোভের জেরে কামারকুন্ডুতে ১ ঘণ্টা দাঁড়িয়ে বন্দে ভারত
৬৩৫০১ হাওড়া–বর্ধমান (ভায়া ব্যান্ডেল) মেমু লোকাল ট্রেনটি উৎসবের দিনগুলিতে রাত ১:৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। উৎসবের দিনগুলিতে হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে চলা ট্রেনগুলি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে এবং মগরা, পাণ্ডুয়া, বৈচি ও মেমারি স্টেশনেও থামবে। ১৮, ১৯, ২০ ও ২১ অক্টোবর ২০২৬ এবং ২৫ অক্টোবর ও ৮ নভেম্বর ২০২৬ তারিখে হাওড়া ডিভিশনের ইএমইউ লোকাল ট্রেনগুলি যাত্রা শুরুর সময় থেকে দুপুর ৩টা পর্যন্ত রবিবারের মতো চলবে।