কাজ ফিরবে ২০ হাজার শ্রমিকের, জুলাইয়ে রাজ্যের একাধিক জুট মিল খোলার ঘোষণা

প্রীতি পোদ্দার, কলকাতা: বড় সুখবর শ্রমিকদের জন্য। রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) এর প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১০ জুলাইয়ের মধ্যে রাজ্যের বন্ধ থাকা সব কয়টি জুট মিল (Jute Mill) খুলতে চলেছে। কাজ ফিরে পেয়ে তুমুল উচ্ছ্বাস শ্রমিকরা। জানা গিয়েছে, মঙ্গলবার, কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে শ্রম দফতরে দিনভর ম্যারাথন বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল কর্মসংস্থান হবে। আর সেই মতোই শুরু হচ্ছে কাজ। খুলতে চলেছে একের পর এক জুট মিল।

৭টি বন্ধ জুট মিল খুলতে চলেছে

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার, শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উপস্থিতিতে হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান জেলার বন্ধ থাকা ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দোলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে শ্রম দফতরে দিনভর ম্যারাথন বৈঠক হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার, অতিরিক্ত শ্রম কমিশনার রজত পাল সহ অন্যান্য পদস্থ আধিকারিকরাও। একাধিক আলোচনার পর শেষে হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের মোট ৭টি বন্ধ জুট মিল একসঙ্গে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাজ ফিরবে প্রায় ২০ হাজার শ্রমিকের

জানা গিয়েছে, আগামী ১০ জুলাইয়ের মধ্যে বন্ধ থাকা মিলগুলির কর্তৃপক্ষ ‘সাসপেনশন অব ওয়ার্ক’ তুলে নেওয়ার নোটিশ জারি করবে। এবং মিল খোলার পর শুরুতেই মিলের অভ্যন্তরে রক্ষণাবেক্ষণ করার কাজ শুরু হবে এবং আগামী ১৬ জুলাই থেকে ধাপে ধাপে সবকটি মিলে পুরোদমে উৎপাদন কাজ শুরু হয়ে যাবে। সবমিলিয়ে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের এই সিদ্ধান্তের ফলে প্রায় ২০ হাজারের উপর চটকল শ্রমিক তাঁদের কাজ পুনরায় ফিরে পাবেন বলে আশা রাখছে। ইতিমধ্যেই অর্জুন সিংয়ের এই জোরদার উদ্যোগ এবং শ্রম কমিশনারেটের আধিকারিকদের যৌথ প্রচেষ্টাকে রাজ্যের চটকল শ্রমিক এবং মালিক, দুই পক্ষই একযোগে সাধুবাদ জানিয়েছে।

আরও পড়ুন: “মুখ্যমন্ত্রীর পদক্ষেপে আমি অত্যন্ত খুশি” প্রভাসের এনকাউন্টারে স্বস্তি প্রকাশ নির্যাতিতার বাবার

প্রসঙ্গত, তৃণমূল জমানায় একের পর এক জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় নানা ক্ষতির মুখে পড়েছিল শ্রমিকরা। বারংবার প্রশাসনের কাছে দরখাস্ত পাঠানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বিজেপি সরকার আসতেই জনগণের সাথে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সম্প্রতি, নৈহাটির একটি জুটমিল খুলেছে। কাজ পেয়েছেন প্রায় ২ হাজার ৭০০ কর্মী। এছাড়াও জগদ্দলের অ্যালায়েন্স জুটমিল খুলেছে। শীতে ধীরে বারাকপুর শিল্পাঞ্চলের একাধিক বন্ধ জুটমিলে ফের উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment