বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাজি ধরেছিলেন খোদ ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সেই শেয়ারই বৃহস্পতিবার খেল দেখিয়েছে। আজ শেয়ারবাজার (Stock Market) বন্ধ হওয়ার আগে পর্যন্ত আজাদ ইঞ্জিনিয়ারিং এর শেয়ারের দাম 10 শতাংশ বেড়ে 2,476 টাকা 45 পয়সায় ট্রেড করে। বলাই বাহুল্য, সচিনের পছন্দের এই শেয়ার বিগত 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। আর সেই খবর প্রকাশ্যে আসতেই শেয়ারটিতে বিনিয়োগের জন্য একেবারে উঠেপড়ে লেগেছেন বিনিয়োগকারীরা।
ভাগ্য বদলে দেবে এই শেয়ার?
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর আগেই আজাদ ইঞ্জিনিয়ারিং এর শেয়ারে একেবারে 5 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। সালটা 2023। সে বছরই মার্চ মাসে এই সংস্থার শেয়ারে নিজের অর্থ রেখেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। পরবর্তীতে সংস্থাটি তাদের শেয়ার স্প্লিট করার ঘোষণার পাশাপাশি বোনাস শেয়ারও দিয়েছিল বিনিয়োগকারীদের। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মুহূর্তে আজাদ ইঞ্জিনিয়ারিং এ সচিনের 4 লাখ 38 হাজার 210টি শেয়ার রয়েছে।
অবশ্যই পড়ুন: চরম শিক্ষা দিয়েছে ইংল্যান্ড, বৈভব এই অভ্যাস না বদলালে হবে ভুগতে!
বলে রাখা ভাল, 2023 সালে এই সংস্থার একটি শেয়ারের দাম ছিল 700 টাকার কাছাকাছি। ওই দামেই 5 কোটি টাকা বিনিয়োগ করে শেয়ারগুলি কিনেছিলেন সচিন। বর্তমানে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের মোট আমানতের পরিমাণ 31.55 কোটি টাকা। অর্থাৎ 5 কোটি টাকা রেখে মাত্র 3 বছরের মধ্যেই বিপুল অর্থ ঘরে তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। 9 জুলাই অর্থাৎ আজ সংস্থাটির শেয়ারের দাম এক ধাক্কায় 10 শতাংশ বেড়ে 2,476 টাকা 45 পয়সায় পৌঁছে যাওয়ার পর সচিন সংস্থাটিতে নিজের শেয়ার ধরে রেখেছেন নাকি পুরোটাই বিক্রি করে দিয়েছেন সেই তথ্য মেলেনি।
এদিকে মাস্টার ব্লাস্টারের বাজি ধরা শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, এই সংস্থাটি যেভাবে বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিয়ে চলেছে তাতে ভবিষ্যতে এই সংস্থার একটি শেয়ারের দাম 3000 টাকায় পৌঁছে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সবচেয়ে বড় কথা কোম্পানিটির মূলধন বৃহস্পতিবার এক ধাক্কায় 16 হাজার কোটি টাকায় পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে বলাই যায়, দীর্ঘ মেয়াদে সঞ্চয় করলে এই শেয়ার ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে।