ট্রান্সফারের ঝামেলা হবে শেষ, উচ্চ মাধ্যমিক পুর-স্কুল তৈরির প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে

প্রীতি পোদ্দার, কলকাতা: ছাত্র ছাত্রীদের জন্য বড় উদ্যোগ! রাজ্যে পালাবদলের পর এবার কলকাতা পুরসভার আওতায় উচ্চ মাধ্যমিক স্কুল তৈরির (KMC Higher Secondary School Project) ভাবনাচিন্তা শুরু করতে চলেছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে পুর প্রশাসক তথা কমিশনার স্মিতা পান্ডে এই বিষয়ে বিশেষ উদ্যোগী হয়েছেন এবং খুব শীঘ্রই চার থেকে পাঁচটি উচ্চ মাধ্যমিক স্কুল তৈরির প্রস্তাব পাঠাবেন নবান্নে (Nabanna)। ইতিমধ্যেই পুরসভার শিক্ষা বিভাগ থেকে এই পরিকল্পনা সংক্রান্ত একটি খসড়া তৈরি করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক পুর-স্কুল তৈরির ভাবনা

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, আপাতত চার থেকে পাঁচটি উচ্চ মাধ্যমিক স্কুল তৈরির প্রস্তাব নবান্নে পাঠানো হবে। কারণ বর্তমান স্কুলগুলি অধিকাংশ ক্ষেত্রেই ছোটো, প্রাথমিক শিক্ষার নিরিখে কয়েকটি ক্লাস-ঘর রয়েছে। কিন্তু উচ্চ মাধ্যমিক পুর-স্কুল তৈরির জন্য সব জায়গায় নতুন করে বিল্ডিং বানানোর সুযোগ নেই। কিন্তু এমন দু’তিনটে স্কুল রয়েছে, যেখানে জায়গা যেমন প্রচুর তেমনই বহু শ্রেণিকক্ষও রয়েছে। তাই সেখানে উচ্চ মাধ্যমিক স্কুল চালানোর মতো পরিকাঠামো তৈরি করা সম্ভব। তবে শুধুমাত্র শ্রেণিকক্ষ কিংবা বিল্ডিং থাকলেই হবে না। উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল ঠিকঠাক ভাবে চালানোর জন্য অন্তত ২৫-৩০ জন শিক্ষক প্রয়োজন।

তালিকায় রয়েছে কোন কোন স্কুলগুলো?

পুরসভার আধিকারিকদের মতে, কম্পিউটার থেকে শুরু করে ল্যাবরেটরি সহ আনুষঙ্গিক পরিকাঠামো তৈরি করতে হবে। শুধু বিল্ডিং বানাতেই কয়েক কোটি টাকা প্রয়োজন। আর এই সব কাজের জন্য রাজ্য সরকারের শিক্ষাদপ্তর, পুর ও নগরোন্নয়ন এবং অর্থ দপ্তরের অনুমোদন প্রয়োজন। তাই, এই বিষয়ে নবান্নে প্রস্তাব পাঠানো হচ্ছে। তবে যেহেতু এটি প্রচুর খরচের বিষয় রয়েছে, ফলে এই প্রক্রিয়া দীর্ঘ হতে চলেছে। যে সকল স্কুলগুলোর জন্য প্রস্তাব পাঠানো হচ্ছে তার মধ্যে অন্যতম হল মার্টিনপাড়া পুর-স্কুল, সুলতান আহমেদ মেমোরিয়াল এবং এন্টালির সুন্দরীমোহন স্কুল প্রভৃতি।

আরও পড়ুন: আগস্ট থেকে মহিলাদের বাস ভ্রমণে নতুন নিয়ম, বন্ধ হচ্ছে পিঙ্ক টিকিট, এবার কী লাগবে?

বর্তমানে কলকাতা পুরসভার আওতায় ৬৫টি ইংরেজি মাধ্যম স্কুল, ৭০টি বাংলা মাধ্যম, ১টি উড়িয়া এবং বাকি হিন্দি এবং উর্দু মাধ্যমের স্কুল চলে। এর বাইরেও ৫০টি শিশু শিক্ষাকেন্দ্র চলে পুরসভার অধীনে। তবে এসব ছাড়াও উচ্চ মাধ্যমিক স্কুল তৈরির সংখ্যা বাড়াতে চায় পুর কমিশনার। কারণ বর্তমানে পুর-স্কুলে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। কোথাও অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চলে। কিন্তু উচ্চ মাধ্যমিক না থাকায় অনেক গরিব-নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা স্কুল বদলের ঝঞ্ঝাটে পড়ে এবং পরে আর পড়াতে চায় না। তাই এই উদ্যোগ। এখন দেখার এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়।

Leave a Comment