রাশিয়া থেকে তেল কিনলে দিতে হবে না ৫০০% শুল্ক, সুর নরম ট্রাম্পের, স্বস্তি ভারতের

সৌভিক মুখার্জী, কলকাতা: রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে ট্রাম্পের (Donald Trump) আপত্তি নতুন ঘটনা নয়। তবে এবার ভারত ও চিনের মতো দেশগুলির ক্ষেত্রে রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাস কেনার উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব কমানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি এখন তা করা হয়েছে মাত্র ১০০ শতাংশ। তবে এই শুল্ক আরোপের ক্ষমতা থাকবে শুধুমাত্র ট্রাম্পের হাতেই। বিশেষ করে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর জন্যই আমেরিকার এই উদ্যোগ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

রাশিয়া থেকে তেল কেনায় আপত্তি নয় ট্রাম্পের

প্রথমে ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, যে দেশগুলি রাশিয়ার থেকে তেল বা প্রাকৃতিক গ্যাস কিনবে তাদের উপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। কিন্তু নতুন যে খসড়া প্রকাশ করা হয়েছে সেখানে তা কমিয়ে মাত্র ১০০ শতাংশ করা হয়েছে। এতে উপকৃত হবে ভারত, চিন, স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজার বাইজানের মতো তেল আমদানিকারক দেশগুলি। মার্কিন আইনপ্রণেতা সংস্থা বলছে, এমনিতেই ইউক্রেনের যুদ্ধে ক্ষতবিক্ষত রাশিয়া। তাদের উপর আরও অতিরিক্ত আর্থিক চাপ বাড়ানোর জন্যই ট্রাম্পের এই পরিকল্পনা। কারণ, রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ যত বাড়বে, যুদ্ধ কমার সম্ভাবনা তত বাড়বে বলেই মত ট্রাম্পের।

এমনকি নতুন বিলে আরও একটি ছাড় দেওয়া হয়েছে মার্কিন প্রশাসনের তরফ থেকে। যে সমস্ত দেশগুলি রাশিয়া থেকে ১৫ শতাংশের কম প্রাকৃতিক গ্যাস আমদানি করে তাদের উপর সম্পূর্ণ শুল্ক ছাড় দেওয়া হতে পারে। সেক্ষেত্রে ফ্রান্স, জাপান, হাঙ্গেরি, বেলজিয়ামের মতো দেশগুলি সুবিধা পাবে। কিন্তু ভারত এই তালিকায় পড়বে না। এছাড়াও সংশোধিত ওই বিলে রাশিয়ার শ্যাডো ফ্লিটের ট্যাংকার এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকসহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও বড় বড় রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রকল্পের উপরও নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হচ্ছে। যদিও জাতীয় স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন।

আরও পড়ুন: রাতের কলকাতাতে ফের চলবে বাস, প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার

যদিও এই বিলটি ২০২৫ সালের এপ্রিল মাসে চালু করা হয়েছিল। কিন্তু পরে একাধিক সংশোধন আনা হয়, এবং বিলটির সমর্থকের সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে বিশেষজ্ঞদের মতে, এটি আইনে পরিণত হলে শুধুমাত্র রাশিয়া নয়, বরং ভারত, চিনের মতো রাশিয়ার জ্বালানি নির্ভর দেশগুলির সম্পর্কের উপরে প্রভাব পড়তে পারে। আর সবথেকে বড় ব্যাপার, রাশিয়ার অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে শীর্ষ ৫ দেশের মধ্যেই রয়েছে ভারত, চিন, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং আজার বাইজান।

Leave a Comment