অর্ডার বাতিল, চার্জ করা হল মোটা টাকা! সুইগির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মহুয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের সুইগি (Swiggy) ফুড ডেলিভারি সংস্থাকে কটাক্ষ করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। খাবার ডেলিভারি না দিয়ে অতিরিক্ত ক্যান্সেলেশন চার্জ (Cancellation Fee) নেওয়ায় সংস্থার বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। জোম্যাটো, সুইগি-র মতো অ্যাপে অনলাইনে খাবার অর্ডার করে অনেকেই নানা সমস্যায় পড়েন৷ কখনও খাবারের স্বাদ, কখনও আবার খাবারের মান নিয়ে সমস্যা দেখা দেয়৷ এবার কোনো কারণ ছাড়াই মহুয়া মৈত্রের খাবারের অর্ডার বাতিল করে দিল সুইগি ফুড ডেলিভারি সংস্থা।

ফের সুইগিকে নালিশ মহুয়ার

মাঝরাত হোক বা ভোর, কোনো ঝঞ্ঝাট ছাড়াই মাত্র একক্লিকেই হাতের কাছে হাজির হয়ে যায় পছন্দের খাবার। যদিও তার নেপথ্যে রয়েছে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ। তবে মাঝে মধ্যে এই অ্যাপ নিয়ে উঠে আসে একাধিক বিতর্ক। অনেক সময় আবার দাম আগেভাগে মিটিয়ে দেওয়া সত্ত্বেও খাবার এসে পৌঁছয় না৷ আর সেই একই রকম সমস্যার মুখোমুখি হলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। আজ, এক্স হ্যান্ডেলে সুইগি-কে ট্যাগ করে একটি পোস্টে কৃষ্ণনগরের সাংসদ অভিযোগ করেছেন যে, “এই নিয়ে তৃতীয়বার আপনারা কোনো কারণ ছাড়াই আমার অর্ডার বাতিল করলেন এবং “ক্যান্সেলেশন ফি” হিসেবে পুরো ১৪৫৭ টাকা কেটে নিলেন। অথচ রাতের খাবারও পেলাম না, আবার কোনো সহায়তাও পেলাম না।”

মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের

মহুয়া মৈত্রের এই টুইট পোস্ট হতেই ইতিমধ্যেই সমাজমাধ্যমে আলোড়ন পড়ে গিয়েছে৷ অনেকেই তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন। তাঁদের দাবি অনলাইনে খাবার অর্ডার করার পর এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে অনেকে যদিও অনেকে আবার এই সমস্যার জন্য সুইগি-র অ্যাপে অভিযোগ না জানিয়ে কেন মহুয়া বিষয়টি সমাজমাধ্যমে জানাচ্ছেন, সেই নিয়েও প্রশ্নও তুলেছেন৷ তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও আইসক্রিম নিয়েও মহুয়ার সঙ্গে দ্বন্দ্ব বেঁধেছিল সুইগির।

আরও পড়ুন: আশ্বাস দিয়ে ধাপ্পাবাজি! অভিষেকের উদাসীনতায় হাত বাদ ৩ বছরের শিশুর

উল্লেখ্য, অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের সুবিধা যেমন আছে, অসুবিধাও প্রচুর। অনেকক্ষেত্রেই খাবারের মান নিয়ে অভিযোগ ওঠে। মহুয়া মৈত্রও এই নিয়ে আগে অভিযোগ করেছিলেন। জানা গিয়েছে এর আগে ‘সুইগি’ সংস্থা থেকে ‘মাইনাস থার্টি মিনি স্টিকস আইসক্রিম’ অর্ডার করেছিলেন মহুয়া। কিন্ত তাঁর অভিযোগ, নিম্নমানের ও খাওয়ার অযোগ্য আইসক্রিম পাঠানো হয়েছিল। যদিও পড়ে সেই সংস্থা ক্ষমা চেয়েছিল। এখন দেখার এক্ষেত্রে সুইগি-র তরফ থেকে কী জবাব আসে।

Leave a Comment