সৌভিক মুখার্জী, কলকাতা: রহস্যমৃত্যু হয়েছে ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনখরের (Anurag Dhankar)। প্রাথমিক পাওয়া তথ্য অনুযায়ী তিনি আত্মহত্যা করেছেন। এদিন সকালে অফিসে আসার পর তিনি শৌচাগারে যান, এবং সেখানেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে খবর। পরে তাঁর দেহ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এবং দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কিন্তু কে এই পুলিশ অফিসার?
চিনে নিন ত্রিপুরার আত্মঘাতী ডিজিপি-কে
এদিন ঘটনার খবর পাওয়া মাত্রই উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এমনকি সেখানে উপস্থিত হয় ফরেনসিক টিম। জিবি হাসপাতালের সিনিয়র ডাক্তার প্রদীপ ভৌমিক জানান, ১২টা ৪৬ মিনিট নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। শৌচগারেই তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর। প্রায় ৪০ মিনিট সিপিআর করে তাঁকে বাঁচানোর চেষ্টা করা হলেও তা বৃথা যায়। পুলিশ তাঁর মরদেহ হেফাজতে নিয়ে হাসপাতালে পাঠিয়েছে। যদিও এখনও তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। তবে খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মনে প্রশ্ন জাগছে, কে এই অনুরাগ ধনখর?
আসলে অনুরাগ ধনখর ছিলেন ত্রিপুরা ক্যাডারের ১৯৯৪ ব্যাচের একজন উচ্চপদস্থ আইপিএস কর্মকর্তা। তিনি একজন সৎ পুলিশ অফিসার হিসেবেই পরিচিত। এমনকি কর্মজীবনের অধিকাংশ ত্রিপুরাতেই অতিবাহিত করেছেন তিনি। দীর্ঘ ১৬ বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব সামলাচ্ছেন এই আইপিএস অফিসার। অনুরাগ ধনখর সম্প্রতি ত্রিপুরার ডিজিপি হিসেবে নিযুক্ত হন। তিনি অমিতাভ রঞ্জনের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন বলেই খবর।
Agartala, Tripura: The mortal remains of Tripura DGP Anurag Dhankar were brought to AGMC and later sent to the morgue for post-mortem examination. pic.twitter.com/Al9Jc1HRfC
— IANS (@ians_india) July 20, 2026
আরও পড়ুন: ডিসেম্বরেই পঞ্চায়েতে ১১ হাজার পদে নিয়োগ, জানালেন দিলীপ ঘোষ
তবে জানলে অবাক হবেন, নীরব মোদীর মামলায় তদন্তের নেতৃত্ব দিয়েছিলেন এই আইপিএস অফিসার অনুরাগ ধনখর। হ্যাঁ, সিবিআই-তে থাকাকালীন পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদীর সঙ্গে জড়িত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারির তদন্তে নেতৃত্বভার গ্রহণ করেছিলেন তিনি। আর এটি ছিল দেশের সবথেকে বড় ব্যাংকিং কেলেঙ্কারি, যেখানে প্রায় ১৩ হাজার কোটি টাকার জালিয়াতি হয়েছিল। এমনকি সিবিআই-তে থাকাকালীন কর্মজীবনে পুলিশ সুপার, ডেপুটি ইন্সপেক্টর, জেনারেল যুগ্ম পরিচালক সহ বিভিন্ন পদে দায়িত্ব সামলেছেন তিনি। একজন দক্ষ এবং নিরপেক্ষ তদন্তকারী কর্মকর্তা হিসেবেই প্রশাসনের কাছে পরিচিত অনুরাগ ধনখর। এছাড়াও ২০০৩-০৪ সালে তিনি কসোভোতে জাতিসংঘ মিশনে অংশ নিয়েছিলেন। তবে তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ প্রশাসন থেকে ত্রিপুরার রাজনৈতিক মহল।