প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতার রদবদল হতেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ জোর দিয়েছে নতুন সরকার (Government Of West Bengal)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) শুরু থেকেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জিরো টলারেন্স নীতি অনুযায়ী দোষীরা শাস্তি পাবে। আর এবার রাজ্যের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র আদলে রাজ্যে একটি বিশেষ তদন্ত সংস্থা SIA গঠন হতে চলেছে (SIA In Bengal)।
NIA-র আদলে রাজ্যে হবে SIA
তিন দিনের বঙ্গ সফরের শেষ দিনে গত রবিবার কলকাতায় রাজ্যের আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ পদস্থ কর্তারা। আর সেখানেই পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী করতে ANTF, ATS এবং NIA-র ধাঁচে বিশেষ তদন্ত সংস্থা গঠনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মহিলাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার
রবিবার স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহ বৈঠকে সন্ত্রাসবাদ দমন, সীমান্ত নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, পুলিশ আধুনিকীকরণ, সাইবার নিরাপত্তা এবং মহিলাদের নিরাপত্তা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। আর সেই কারণে NIA-র সঙ্গে সমন্বয় রেখে একটি অ্যান্টি-নারকোটিকস টাস্ক ফোর্স (ANTF), অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS) এবং স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি (SIA) গঠন করা হবে। পাশাপাশি, গ্রামীণ এলাকার মহিলাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নিয়মিত জনসংযোগ, সচেতনতামূলক প্রচার এবং ক্ষমতায়নমূলক কর্মসূচির মাধ্যমে একটি উইমেনস আউটরিচ প্রোগ্রাম চালু করতে হবে।
আরও পড়ুন: বিকেল থেকে একটানা বর্ষণ! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, আগামীকালের আবহাওয়া
রাজ্য পুলিশের আধুনিকীকরণ এবং পরিষেবা প্রদানের পরিকাঠামো উন্নত করার উপরও জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশ বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও পরিকাঠামোর মাধ্যমে সক্ষম করে তুলতে প্রয়োজনীয় বাজেট প্রদান করা হবে বলে কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে অনুপ্রবেশ রুখতে কলকাতা পুলিশ গড়ে তুলেছে নতুন টাস্ক ফোর্স। যার নাম ‘STF-D’ । অর্থাৎ বোঝাই যাচ্ছে নতুন সরকার এবার পশ্চিমবঙ্গকে আরও সুরক্ষিত করতে উঠে পড়ে লেগেছে।