বিহারের পথেই বাংলা? বিধানসভায় রাজ্যে সম্পূর্ণ মদ নিষিদ্ধের দাবি তুললেন বিজেপি বিধায়ক

সহেলি মিত্র, কলকাতাঃ ‘বিহারের মতো এবার বাংলাতেও মদ বন্ধ হোক (Liquor Ban In Bengal)।’ এমনই দাবি তুলে শোরগোল ফেলে দিলেন ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কার্ফার। তাঁর দাবি, বাংলায় অপরাধ সংখ্যা বাড়ছে। আর এর পেছনে অনেকটাই বড় ভূমিকা পালন করছে মদ। সে কারণে এবার বিহারের ধাঁচে বাংলাতেও মদ নিষিদ্ধের দাবি তুলে সকলকে অবাক করে রেখে দিয়েছেন ভাতারের বিজেপি বিধায়ক।

বাংলাতেও বিহারের মতো বন্ধ হোক মদ!

বিধায়ক সৌমেন কার্ফা বিধানসভায় এই বিষয়টি উত্থাপন করে বলেন যে, বিহারে বাস্তবায়িত আইনের অনুরূপভাবে পশ্চিমবঙ্গেও মদ নিষিদ্ধ হোক। তিনি জানান, মাদকাসক্তি সমাজ ও পরিবারের জন্য এক গুরুতর হুমকি। তিনি অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিধায়ক সৌমেন কার্ফা বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় এই দাবি তোলেন। অধিবেশন চলাকালীন তিনি বলেন যে মদ, গাঁজা এবং অন্যান্য মাদকের ক্রমবর্ধমান ব্যবহার সমাজের উপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলছে।

আরও পড়ুনঃ ‘২০৩১-এ সুদ-সহ ফেরত..’ হুঁশিয়ারি বিতর্কে ফের আইনি বিপাকে অভিষেক

বিধায়ক জানান, রাজ্যের বিভিন্ন অংশে মদ্যপান নানা ধরনের অপরাধকে উস্কে দিচ্ছে এবং গাঁজা, মদ ও অন্যান্য মাদক ব্যবহারের কারণে সামাজিক ও পারিবারিক সমস্যাও বাড়ছে। তিনি আরও বলেন যে, মাদকাসক্তি যুবকদের ভুল পথে চালিত করছে। এর ফলে অপরাধ ক্রমাগত বাড়ছে। সমাজের বৃহত্তর স্বার্থে এবং অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনার জন্য তিনি সরকারকে বিহারের মতো পশ্চিমবঙ্গেও মদ নিষিদ্ধকরণ আইন বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানান।

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধায়ক বলেন যে, মাদকমুক্ত সমাজ গড়ার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করাই এখন সময়ের দাবি। এদিকে ক্ষমতায় আসার পর বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মদ বিক্রি নিয়ে বড় ঘোষণা করেন। গত মে মাসে মুখ্যমন্ত্রী জানান যে শিক্ষা প্রতিষ্ঠান এবং মন্দিরের ১ কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকান খোলার অনুমতি দেওয়া হবে না। যাইহোক, এখন দেখার বিহারের মতো বাংলাতেও মদ নিষিদ্ধ করে কিনা বিজেপি সরকার।

Leave a Comment