অপরাধের রেকর্ড না থাকা পড়ুয়াদের দিতে হবে মুক্তি, NEET কাণ্ডে নির্দেশ সুপ্রিম কোর্টের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস ঘিরে পড়ুয়াদের বিক্ষোভে (Protest) উত্তাল হয়েছিল গোটা দেশ। আর সেই বিক্ষোভে শামিল হওয়া বহু ছাত্র-ছাত্রীকে আটক করে পুলিশ। এবার তা নিয়েই বিরাট নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court Of India)। সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশজুড়ে হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনও রকম দমনমূলক নীতি গ্রহণ করা যাবে না। একই সাথে, অপরাধের পূর্ব ইতিহাস নেই এমন নাবালক পড়ুয়াদের দ্রুত মুক্তি দিতে হবে। পরবর্তীতেও পুলিশ এদের গ্রেফতার করতে পারবে না। শুধু তাই নয়, এদিন দেশের নানান প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের সওয়াল করেছে সুপ্রিম কোর্ট।

বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

মঙ্গলবার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি জে ভি মোহনার ডিভিশন বেঞ্চ আন্দোলনে গোটা দেশজুড়ে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিভিন্ন অশান্তির ঘটনার জন্য আদতেই কারা দায়ী, তা ঠিক করা না পর্যন্ত তদন্তের কোনও মানে হয় না। আদালতের পর্যবেক্ষণ, দেশের নানান প্রান্তে পুলিশের বল প্রয়োগের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় কেন পূর্ণাঙ্গ তদন্ত হবে না?

শীর্ষ আদালত এও জানায়, তদন্ত হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ। সুপ্রিম কোর্টের নির্দেশ, আন্দোলন চলাকালীন বিভিন্ন ঘটনার সিসিটিভি ফুটেজ, আন্দোলনের সময় বিভিন্ন ড্রোন শট সহ যাবতীয় তথ্য সংরক্ষিত রাখতে হবে। একই সাথে, বিক্ষোভকারী পড়ুয়াদের তথ্য যাতে প্রকাশ্যে না আসে সে দিকটাও নিশ্চিত করতে হবে। এদিন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সিট গঠন করারও ইঙ্গিত দেওয়া হয় ডিভিশন বেঞ্চের তরফে। পাশাপাশি এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে, অসম, বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, কেরল, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির সরকারের কাছে জবাব চাওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: অসম বিহারের পর বাংলা, NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা তুলবে রাজ্য সরকার

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার তিন শর্ত মেনে নেওয়ার গ্যারান্টি দেওয়ায় অনশন প্রত্যাহার করেছিল ককরোচ জনতা পার্টি। তবে আন্দোলন তুলে নিলেও দেশের বিভিন্ন রাজ্যে পুলিশকে ধরপাকড় করতে দেখা যায়। আর সেই ঘটনায় গতকাল বিকেলে প্রবীন আইনজীবী কপিল সিব্বলকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন CJP এর জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। আর সেখানে তাঁরা সরকারকে একেবারে আলটিমেটাম দেন। বলা হয়, কেন্দ্রীয় সরকার চুক্তি ভঙ্গ করেছে! চুক্তির শর্ত মঙ্গলবার বিকেলের মধ্যে পূরণ না হলে আবার বিক্ষোভে নামবে তাঁরা।

Leave a Comment