ইতিহাস গড়ল ভারতীয় রেল, প্রথমবার কলকাতা থেকে নেপালে পৌঁছল কার্গো ট্রেন

অনন্যা সরকার, কলকাতা: ভারত-নেপাল আন্তঃদেশীয় বাণিজ্যের (India-Nepal Trade) ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে ক্যানোলা (Canola) বোঝাই দেশের প্রথম সরাসরি বাণিজ্যিক কন্টেইনার মালবাহী ট্রেনটি (Direct Cargo Train) কলকাতা বন্দর থেকে নেপালের বিরাটনগর কাস্টমস ইয়ার্ড পর্যন্ত সফলভাবে তার যাত্রা সম্পন্ন করলো। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ৪০টি ওয়াগন-বিশিষ্ট এই সফল ট্রেন যাত্রার মধ্যে দিয়ে সংশোধিত ‘ভারত-নেপাল রেল ট্রানজিট প্রোটোকল’ (India-Nepal Rail Transit Protocol) কার্যকরী হল। এটি সীমান্ত পারাপার করে সরাসরি পণ্য পরিবহনের পথ প্রশস্ত করেছে।

ভারত-নেপাল বাণিজ্য একটি মাইলফলক স্পর্শ করলো

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (NFR) প্রধান জনসংযোগ কর্মকর্তা (CPRO) কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন যে,  সংশোধিত ট্রানজিট কাঠামোর অধীনে এই প্রথম ডাইরেক্ট কার্গো ট্রেনটি নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছেছে, যার ফলে সীমান্তে পণ্য স্থানান্তর করার প্রয়োজন ছাড়াই বাল্ক কার্গোটি সরাসরি কলকাতা বন্দর থেকে নেপালের বিরাটনগরে যেতে পেরেছে। এই সরাসরি রেল বাণিজ্যের সূচনার ফলে পণ্যের ট্রানজিটের সময়, লজিস্টিক খরচ এবং প্রোডাক্ট হ্যান্ডলিংয়ের প্রয়োজন উল্লেখযোগ্যভাবে কমবে এবং ভারত ও নেপাল – দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: আবার ভারতের কাছে হারল পাকিস্তান, এবার নাক কাটা গেল কমনওয়েলথ গেমসে!

এই রেল বাণিজ্য সম্ভব হয়েছে ভারতের জোগবানি এবং নেপালের বিরাটনগরের মধ্যে ব্রড-গেজ রেল সংযোগের উপর ভিত্তি করে, যা ২০২৩ সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন। ২০২৫ সালের নভেম্বর মাসে সংশোধিত লেটার অফ এক্সচেঞ্জ (LoE) স্বাক্ষরের পর, নেপালে সরাসরি বাণিজ্যিক রেল চলাচলের প্রস্তাব এবার বাস্তবায়িত হল। 

আরও পড়ুন: তৎকাল টিকিট পাবেন বৈধ যাত্রীরাই, দালালদের খেলা শেষ করল রেল!

কপিঞ্জল কিশোর শর্মা এও বলেন যে, ভারত থেকে নেপালে প্রথম ডাইরেক্ট কার্গো ট্রেন চলাচলের মাধ্যমে আন্তর্জাতিক রেল সংযোগের শক্তিবৃদ্ধি এবং নির্বিঘ্ন আন্তঃসীমান্ত বাণিজ্য সহজতর করার ক্ষেত্রে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের বিশেষ ভূমিকা রয়েছে। আশা করা হচ্ছে যে, এই উদ্যোগটি দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করার পাশাপাশি লজিস্টিকসে দক্ষতা আনবে এবং আধুনিক রেল পরিকাঠামোর মাধ্যমে আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে ভারতের যে প্রতিজ্ঞা, তাকে আরও জোরদার করবে। 

Leave a Comment