বিক্রম ব্যানার্জী, কলকাতা: সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় তারকা অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। বৃহস্পতিবার, নিজের ক্রিকেট জীবনে দাড়ি টানার কথা এক ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি। আর সেই খবর প্রকাশ্যে আসতেই মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। বর্তমানে অধিনায়কত্বের সংকটে ভুগছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়নরা! রাহানে অবসর নেওয়ায় এবার কে হবে নতুন অধিনায়ক? নানা মহলে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন।
রাহানের পর নতুন অধিনায়ক খুঁজতে ছটফট করছে KKR!
জাতীয় দল থেকে বিচ্ছিন্ন ছিলেন বহু বছর। টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে নিজেকে বারবার প্রমাণ করেছেন রাহানে। তাছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ দল থেকে ও দল করে বেড়াতে হয়েছে এই প্লেয়ারকে। সবচেয়ে বড় কথা, গত দুই সিজনে কলকাতাকে নেতৃত্ব দিয়েও কাজের কাজ কিছুই করে উঠতে পারেননি তিনি। অনেকেই ধরে নিয়েছিলেন, 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই অবসর গ্রহণ করতে পারেন রাহানে। শেষ পর্যন্ত সেটাই হল।
বৃহস্পতিবার, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে ভারতীয় তারকা জানান, তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। আর সেই খবর প্রকাশ্যে আসার পরই প্রশ্ন উঠছে এবার কলকাতাকে নেতৃত্ব দেবেন কে? আপাতত যা খবর, নাইট শিবিরের অধিনায়ক হিসেবে কোনও একজন নতুন এবং অভিজ্ঞ মুখকে দায়িত্ব দিতে চাইছে ম্যানেজমেন্ট। তবে যদি দলে থাকা প্লেয়ারদের কথা বলা হয় সেক্ষেত্রে, এই মুহূর্তে নাইট শিবিরে থাকা দুজন প্লেয়ার কলকাতার পরবর্তী অধিনায়ক হওয়ার দাবিদার।
অবশ্যই পড়ুন: জলপাইগুড়িতে পলাতক তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়েকে গণধোলাই মহিলাদের
2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন রিঙ্কু সিং। কয়েকটি সূত্রের দাবি, শেষ পর্যন্ত বড় মাপের কোনও প্লেয়ারকে অধিনায়ক হিসেবে সই করাতে না পারলে নাইট শিবিরের প্রথম পছন্দ হতে পারেননি রিঙ্কু। যদিও কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন, এই ভারতীয় ক্রিকেটারের এখনও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা এবং বয়স কোনওটাই হয়নি। তবে রিঙ্কু ছাড়াও কলকাতার নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন অভিজ্ঞ ক্যারিবিয়ান তারকা সুনীল নারিনও।