বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল (Team India)। তার আগে গত মঙ্গলবার 15 সদস্যের দল ঘোষণা করে নির্বাচন কমিটি। সেই দলেই শর্তসাপেক্ষ ভাবে রাখা হয়েছিল জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। এবার সেই ভারতীয় তারকাকে নিয়ে খুশির খবর জাতীয় শিবিরে। শেষমেষ সবরকম প্রতিবন্ধকতা কাটিয়ে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জসপ্রীত। কাজেই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছেন তিনিও।
টেস্টের জন্য পুরোপুরি ফিট বুমরাহ?
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলাকালীন হাটু ফুলে গিয়েছিল ভারতীয় ক্রিকেটারের। যার কারণে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি বুমরাহ। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্স এ একটু একটু করে ফিট হয়ে উঠছিলেন তিনি। রিহ্যাব পর্ব শেষ হতেই ফিটনেস পরীক্ষায় পুরোপুরি পাস করে গেলেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার। আর তারপরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট খেলার জন্য তাঁকে ছাড়পত্র দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছেন জসপ্রীত। সমস্ত রকমের চোট কাটিয়ে উঠেছেন তিনি। শরীরে দুর্বলতাও নেই। আসন্ন টেস্ট সিরিজে তাঁর দলে থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। ইতিমধ্যেই বোর্ডের সব রকম পরীক্ষায় পাস করে গিয়েছেন বুমরাহ। এখন অপেক্ষা শুধু বল হাতে মাঠে নেমে পড়ার! সেটা করতেই বর্তমানে মুখিয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার পেস বিভাগের স্তম্ভ।
অবশ্যই পড়ুন: “বালি, গরু চোরেরা..” শুভেন্দুর উপর জঙ্গি হানার আশঙ্কা নিয়ে বড় মন্তব্য শিশির অধিকারীর
উল্লেখ্য, শেষবারের মতো গত নভেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটিতে টেস্ট খেলেছিলেন বুমরাহ। এরপর থেকে আর লাল বলের ক্রিকেটে দেখা যায়নি এই খেলোয়াড়কে। ভারতীয় দল অবশ্য বেশ কয়েকবার তাঁর অভাব বোধ করেছে। তবে দীর্ঘদিন পর ধকল সামলে ফের সাদা জার্সিতে মাঠে নামতে চলেছেন বুমরাহ। এখন দেখার, নিজেকে কতটা মেলে ধরতে পারেন তিনি।