পহেলগাঁওয়ের পুনরাবৃত্তি কুলগামে, নাম জেনে শ্রমিকদের গুলি জঙ্গিদের! দাবি রিপোর্টে

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরের কুলগামে (Kulgam Attack)। সেখানেও নাকি পহেলগাঁওয়ের ধাঁচেই নাম জেনে বেছে বেছে হিন্দু শ্রমিকদের গুলি করেছে দুষ্কৃতীরা (Terrorist), আর এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর তরফে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। দাবি করা হয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে জঙ্গিরা গুলি চালিয়েছে এবং তাতেই মৃত্যু হয়েছে একজনের।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, শুক্রবার সন্ধ্যার দিকে, দক্ষিণ কাশ্মীরের জেলার কুলগাম এলাকার একটি ইটভাটায় বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিল। আচমকা শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পুলিশ জানিয়েছে প্রথমে কুলগামে পরিযায়ী শ্রমিকদের নাম জিজ্ঞাসা করা হয়। তারপর দু’জন হিন্দু শ্রমিককে আলাদা করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে জঙ্গিরা গুলি চালিয়েছে। এরপরই জঙ্গিরা সেই জায়গা থেকে চলে যেতেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বাকিরা। কিন্তু তার আগেই ছত্তিশগড়ের বছর ২৪ এর এক শ্রমিক দীপক রাত্রের মৃত্যু হয়। অন্যদিকে আহত অবস্থায় চিকিৎসা চলছে ছত্তিশগড়েরই আরেক শ্রমিক বোপিন্দরের।

বিদেশি জঙ্গির হাত এই ঘটনায়

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, “কুলগামে বর্বরোচিত জঙ্গি হামলার পরে ডিজিপি নলিন প্রভাত এবং শীর্ষ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। যে ঘটনায় ছত্তিশগড়ের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই কাপুরুষোচিত হামলার তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা সুরক্ষা বাহিনীকে অভিযানের তীব্রতা আরও বাড়ানোর এবং জঙ্গিদের খতম করার নির্দেশ দিয়েছি।” শ্রমিকদের উপর হামলার পরই গোটা এলাকা নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। অভিযুক্ত জঙ্গিদের খোঁজার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহ, একজন স্থানীয় ও একজন বিদেশি জঙ্গি মিলে এই হামলা চালিয়েছে।

আরও পড়ুন: শুরু হল ডিজিটাল জনগণনা, অনলাইনে সেলফ এনুমারেশন না করলে কী হবে?

গত সপ্তাহে এক পুলিশকর্মীকে অনন্তনাগে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। স্বাভাবিকভাবেই ফের জঙ্গি হামলায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা রবীন্দর রায়না অভিযোগ করেছেন যে, এই ঘটনার পিছনে পাকিস্তানি জঙ্গিদের হাত আছে। জঙ্গিদের কোনওভাবেই রেয়াত করা যাবে না। যদিও এখনও এই জঙ্গি হামলার ঘটনা নিয়ে সরকারের তরফে কিছু জানানো হয়নি।

Leave a Comment