মধ্যবিত্তদের স্বস্তি? রেপো রেট ঘোষণা করল RBI

সৌভিক মুখার্জী, কলকাতা: আমেরিকা এবং ইরানের যুদ্ধবিরতি আদৌ সম্ভব হবে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্ট যদিও সম্প্রতি ইরানের উপর নতুন করে হামলা চালাবেন না বলেই জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে অস্থির পরিস্থিতির জেরে দিনের পর দিন মাথাচাড়া দিয়ে বাড়ছে তেলের দাম। সেই কারণে এমনিতেই ডলারের বিপরীতে টাকার মূল্যপতন অব্যহত। আর এবার রেপো রেট (Repo Rate) নিয়ে বড় ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাংক।

রেপো রেট নিয়ে বড় খবর

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের মনিটরি পলিসি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকের পর আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা স্পষ্ট জানিয়েছেন, আপাতত রেপো রেট পরিবর্তন হচ্ছে না। সকলের সম্মতি নিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কমিটির ছয়জন সদস্য রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষেই ভোট দিয়েছেন। যার ফলে আপাতত হোম লোন কিংবা কার লোনের ইএমআই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। ফলে মধ্যবিত্তদের জন্য তা হতে চলেছে দারুণ সুখবর।

এক্ষেত্রে উল্লেখ করে রাখি, গত বছরের ডিসেম্বর মাসে রেপো রেট কমিয়ে ৫.২৫ শতাংশে আনা হয়েছিল। আর এখনও পর্যন্ত অর্থাৎ ২০২৬-এর আগস্ট অবধি সেই রেট অপরিবর্তিত রয়েছে। তবে যেহেতু প্রতি ২ মাস অন্তর রেপো রেট পর্যালোচনা করার বৈঠক অনুষ্ঠিত হয়, সেই কারণেই আগামী দুই মাসও ৫.২৫% থাকবে রেপো রেট। এমনকি ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে রেপো রেট নিয়ে কোনও রকম উদ্যোগ নেওয়ার দরকার নেই।

আরও পড়ুন: দিল্লিতে বক্তৃতা দেবেন শেখ হাসিনা, আপত্তি বাংলাদেশের, পাল্টা প্রতিক্রিয়া ভারত সরকারের

বিগত বছরের জুন মাসে মুদ্রানীতির বৈঠকে ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল রেপো রেট। তার আগেও বিভিন্ন দফায় মোট ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়। এবং শেষমেষ ডিসেম্বর মাসে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.২৫ শতাংশ চলছে এতদিন ধরে। এমনকি সঞ্জয় মালহোত্রা স্পষ্ট জানিয়েছেন, জুলাইয়ের প্রথম থেকে যুদ্ধের তীব্রতা বেড়েছে। যার কারণে জ্বালানির দাম ঊর্ধ্বগতিতে। সেই কারণে অর্থনীতির উপর চাপ পড়ছে। তাই আপাতত রেপো রেট অপরিবর্তিতই থাকছে।

Leave a Comment