স্বাধীনতার পর এই প্রথম, ১৫ আগস্ট বন্দে মাতরম গানটিকে বিশেষ সম্মান দেবে কেন্দ্র

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম (Vande Mataram) গানটি জাতীয় গানের স্বীকৃতি পেয়েছিল অনেক আগেই। চলতি বছর কেন্দ্রীয় সরকারের তরফে এই জাতীয় গান (National Song) কোন কোন অনুষ্ঠানে গাইতে হবে সেই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। এবার ঋষি বঙ্কিমচন্দ্রের হাতে লেখা বিশেষ গানটির 150 তম বার্ষিকী উপলক্ষ্যে এবারের স্বাধীনতা দিবসে গানটিকে বিশেষভাবে সম্মান জানাতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেই মতোই, এদিন লালকেল্লায় পুষ্পশয্যার পাশাপাশি আকাশ পথে আলাদাভাবে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে বন্দে মাতরম গানকে।

বন্দে মাতরমের 150 তম বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আয়োজন

সোমবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সংক্রান্ত যাবতীয় পরিকল্পনা জানান প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। একই সাথে তিনি এও বলেন, 15 আগস্ট বিশেষ দিনটিতে জাতীয় গান বন্দে মাতরমকে আলাদাভাবে শ্রদ্ধা জানানো হবে। তাঁর কথায়, ঐতিহাসিক লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপনের অন্যতম প্রধান বা মূল বিষয় বন্দে মাতরম।

জানা যাচ্ছে, জাতীয় গানটির দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে লালকেল্লার প্রাচীরের দুই পিঠেই ফুল দিয়ে লেখা হবে বন্দে মাতরম। একই সাথে জ্ঞানপথে লালকেল্লার প্রাচীরের ঠিক উল্টোদিকে NCC এবং My Bharat এর আড়াই হাজারের কাছাকাছি মহিলা এবং পুরুষ ক্যাডেট মানবাকৃতির বিন্যাসের মাধ্যমে বন্দে মাতরম লেখাটিকে ফুটিয়ে তুলবেন। পাশাপাশি এদিন লালকেল্লায় উপস্থিত প্রত্যেকেই সমবেত কন্ঠে বন্দে মাতরম গানটি গাইবেন। সঙ্গে বাজবে ওই গানের সুরও। ঠিক ওই সময় ভারতীয় বায়ুসেনার বিশেষ হেলিকপ্টার আকাশ থেকে পুষ্প বৃষ্টি করবে।

অবশ্যই পড়ুন: টানা ৬ বলে ৬টি ছক্কা, ইতিহাস তৈরি করে দলকে জেতালেন এই তরুণ ব্যাটসম্যান

জানা যাচ্ছে, এদিন ক্যাডেটরা প্রধানমন্ত্রীর ভাষণের পরই বন্দে মাতরম গানটি পরিবেশন করবেন। গাওয়া হবে জাতীয় সঙ্গীতও। লালকেল্লার পাশাপাশি বন্দে মাতরমের ঐতিহাসিক গুরুত্বকে গোটা দেশবাসীর কাছে তুলে ধরতে দেশজুড়ে পালিত হবে জাতীয় গানটির 150 বছর পূর্তি। বিশেষ উদযাপন গোটা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে 8 আগস্ট থেকে স্বাধীনতা দিবস অর্থাৎ 15 আগস্ট পর্যন্ত দেশের নানান প্রান্তে ব্যান্ডের বিশেষ অনুষ্ঠান হবে। সবমিলিয়ে, জাতীয় গানটির দেড়শো বছর পূর্তি উদযাপনে দেশবাসীকে একই মন্ত্রে গেঁথে রাখতে চাইছে সরকার।

Leave a Comment