সুপ্রিম কোর্টে দেখা হবে! অরূপ বিশ্বাসের রক্ষাকবচ নিয়ে কলকাতা হাইকোর্টকে চ্যালেঞ্জ শতদ্রুর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 30 নভেম্বর পর্যন্ত প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আসলে 17 আগস্ট পর্যন্ত অরূপের আগের রক্ষাকবচের মেয়াদ রয়েছে। সেটাই নভেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত বাড়িয়েছে আদালত। আর তাতেই অসন্তুষ্ট বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সুপ্রিমকোর্টে যাচ্ছেন প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরকারী।

সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছেন শতদ্রু

মঙ্গলবার, কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অরূপ বিশ্বাসের বিরুদ্ধে হওয়া মামলায় জানিয়েছেন, 17 আগস্ট পর্যন্ত রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রীকে যে রক্ষাকবচ দেওয়া হয়েছিল তার মেয়াদ বাড়িয়ে 30 নভেম্বর করা হচ্ছে। অর্থাৎ নভেম্বর মাসের শেষ মুহূর্ত পর্যন্ত অরূপের বিরুদ্ধে কোনও রকম প্রশাসনিক পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। গ্রেফতার করা যাবে না তৃণমূল নেতাকে। আর সেই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারছেন না মেসিকে ভারতে আনার নেপথ্যে মূল কারিগর শতদ্রু দত্ত।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের তরফে অরূপের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত জানার পরই শতদ্রু দত্ত জানিয়েছেন, উচ্চ আদালতের এই সিদ্ধান্তে একেবারেই সন্তুষ্ট নন তিনি। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আগামী সপ্তাহেই শীর্ষ আদালতে মামলা দায়ের করতে চলেছেন বাঙালী ক্রীড়া সংগঠক। শতদ্রুর কথায়, “আমি পিছিয়ে আসছি না। আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করব।”

অবশ্যই পড়ুন: রাজ্যের প্রকৃত গৃহহীনরা কবে পাবেন পশ্চিমবঙ্গ আবাসের টাকা? দেখে নিন নিজেই

উল্লেখ্য, এর আগে গত 13 ডিসেম্বর শহর কলকাতায় এসেছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। মেসির সফরের প্রথম দিকে সমস্যা না হলেও কলকাতায় ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টাইন ফুটবলারের ইভেন্ট ঘিরে তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ওই ইভেন্ট চলাকালীন নিজের আত্মীয়, অনুগামীদের মেসির সাথে দেখা করতে দেওয়ার অভিযোগও ওঠে। আর তারপরেই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন শতদ্রু দত্ত।

Leave a Comment