অনন্যা সরকার, কলকাতা: দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিও যাতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারেন, তার জন্য কেন্দ্রীয় সরকার চালু করেছে পিএম উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana / PMUY)। এই প্রকল্পের অধীনে যারা তাদের গ্যাস সিলিন্ডার রিফিল করেন, তারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০ থেকে ৩৬৭ টাকা পর্যন্ত ভর্তুকি পান। আপনিও যদি কোনো এজেন্সি বা সরকারি অফিসে না গিয়ে আপনার রোজকার এলপিজি (LPG) কানেকশনের ওপর ভর্তুকি চান, তাহলে শুধু কয়েকটি ধাপ অনুসরণ করে ফোন বা কম্পিউটারের সাহায্য সরাসরি পিএম উজ্জ্বলার জন্য আবেদন করতে পারেন। কীভাবে করবেন, রইল বিস্তারিত গাইড।
পিইএম উজ্জ্বলায় আবেদন করতে কোন কোন নথি দরকার?
গ্যাস সংযোগের ওপর ভর্তুকি পেতে গ্রাহকের কাছে কিছু প্রয়োজনীয় নথি থাকা আবশ্যক। এগুলি হল –
- যার নামে গ্যাসের কানেকশন রয়েছে, তার আধার কার্ড অবশ্যই থাকতে হবে।
- আধারের সঙ্গে লিংক করা একটি ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন। অ্যাকাউন্ট নম্বর, এফএসসি কোডের মতো বিবরণগুলি হাতের কাছে প্রস্তুত রাখুন।
- ভর্তুকি পেতে দরকার হবে রেশন কার্ড বা পারিবারিক ঘোষণাপত্র (Family Declaration)।
- পরিবারের অন্যান্য সদস্যদেরও আধার কার্ড থাকা আবশ্যক।
- আবেদন করার জন্য সুবিধাভোগীর ১৭-সংখ্যার এলপিজি আইডিরটিও প্রয়োজন পড়বে।
আরও পড়ুন: কয়েক ঘণ্টায় দাম বাড়ল প্রায় ১০%, এই শেয়ারে বিনিয়োগ করতে বলছেন বিশেষজ্ঞরা
কীভাবে সাধারণ অ্যাকাউন্টকে পিএম উজ্জ্বলা যোজনায় স্থানান্তরিত করা যাবে?
গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেতে পিএম উজ্বলায় আবেদন করার জন্য প্রথমে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল পোর্টাল, pmuy.gov.in-এ যেতে হবে। এরপর, হোমপেজে ‘অ্যাপ্লাই ফর এ নিউ পিএমইউআই কানেকশন’ বা ‘ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর এ নিউ পিএমইউআই কানেকশন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর স্ক্রিনে তিনটি গ্যাস কোম্পানির নাম দেখা যাবে। এর মধ্যে থেকে গ্যাস কোম্পানি নির্বাচন করে ‘ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই’ অপশনে ক্লিক করতে হবে।
এরপর, রেজিস্টার্ড নম্বর দিয়ে নির্দিষ্ট গ্যাস কোম্পানির পোর্টালে লগ ইন করতে হবে। নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করা প্রয়োজন। এরপর ‘লিংক ইউর এক্সসিস্টিং এলপিজি কানেকশন’ বা ‘সাবমিট কেওয়াইসি’ অপশন দেখা যাবে, সেটিতে ক্লিক করতে হবে। এবার গ্রাহকের ১৭ সংখ্যার এলপিজি আইডিটি প্রবেশ করাতে হবে।
এরপর আসবে পিএম উজ্জ্বলা-এর নির্দিষ্ট ফর্মটি। সেটিতে গ্রাহকের বিবরণ, পরিবারের সদস্যদের বিবরণ এবং ব্যাঙ্কের তথ্য দিতে হবে। বায়োমেট্রিক্স বা ওটিপি (OTP) ব্যবহার করে ই-কেওয়াইসি-র জন্য আধার ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এবার প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: দীঘার মোহনায় হঠাৎই ভেসে এল রহস্যময় বস্তু, দেখতে ভিড় জমল কৌতুহলীদের
পিএম উজ্জ্বলা যোজনায় আবেদন করার শর্তগুলি কী কী?
- গ্যাস সিলিন্ডারে ভর্তুকির জন্য আবেদন করতে চাইলে, গ্যাসের কানেকশনটি পরিবারের একজন মহিলার নামে হওয়া আবশ্যক।
- আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
- একই পরিবারের আগে থেকে আর কোনো পিএম উজ্জ্বলা বা ভর্তুকিপ্রাপ্ত এলপিজি সংযোগ থাকা যাবে না।