অনন্যা সরকার, কলকাতা: সুইগি (Swiggy), জোম্যাটো (Zomato) এবং ব্লিনকিট (Blinkit), ওলা (Ola), উবার (Uber), আরবান কোম্পানি (Urban Company)-এর মতো প্ল্যাটফর্মে কর্মরত গিগ কর্মীদের (Gig Workers) জন্য সুখবর দিল পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA)। এখন থেকে প্ল্যাটফর্ম কর্মীরাও ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)-এর মাধ্যমে তাদের অবসর জীবনের জন্য সঞ্চয় করতে পারবেন। সবচেয়ে উল্লেখযোগ্য হল, মাত্র ৯৯ টাকা দিয়েই সুরক্ষিত ভবিষ্যতের জন্য সঞ্চয় শুরু করতে পারেন তারা। আসুন এবিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।
মাত্র ৯৯ টাকা থেকে শুরু বিনিয়োগ
পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, গিগ কর্মীরা মাত্র ৯৯ টাকা দিয়ে তাদের পেনশনের জন্য এনপিএস-এ সঞ্চয় করা শুরু করতে পারেন। উল্লেখযোগ্যভাবে, এর সঞ্চয়ের পরিমাণের ক্ষেত্রে কোনো ন্যূনতম বা সর্বোচ্চ সীমা নেই। গিগ কর্মীরা তাদের সুবিধামতো বিনিয়োগ করতে পারেন। মাত্র ৯৯ টাকা দিয়ে শুরু করে প্ল্যাটফর্ম কর্মীরা ধীরে ধীরে নিজেদের ইচ্ছামতো বিনিয়োগের পরিমাণ বাড়াতেও পারবেন। এই ব্যবস্থায় অবসর গ্রহণের জন্য কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি। গিগ কর্মীরা যতদিন ইচ্ছা তাদের কাজ চালিয়ে যেতে পারেন।
আরও পড়ুন: চিন সীমান্তে সেনার কাছে আকাশপথে পৌঁছবে খাবার ও জরুরি পণ্য, ২,৭০০ ড্রোন কিনছে ভারত
জানিয়ে রাখি, ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সমস্ত কর্মীরাই এই পেনশন প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন। এর মধ্যে জোম্যাটো ও সুইগির মতো ফুড ডেলিভারি পার্টনার, জেপ্টো, ব্লিনকিট ও বিগ বাস্কেটের মতো কুইক-কমার্স ও গ্রোসারি ডেলিভারি কর্মী, ওলা, উবার ও র্যাপিডোর মতো ক্যাব ও বাইকের চালক, আরবান কোম্পানির হোম সার্ভিস পার্টনার সহ অন্যান্য সার্ভিস প্ল্যাটফর্মের কর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন।
কীভাবে বানাবেন এই পেনশন অ্যাকাউন্ট?
এই পেনশন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য গিগ ওয়ার্কার্স পেনশন স্কিম (Gig Workers Pension Scheme) ক্যাটাগরির অধীনে একটি এনপিএস অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর প্রাথমিক কিওয়াইসি (KYC)-র জন্য কর্মীকে তাঁর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, প্যান (PAN) এবং ব্যাঙ্কের বিবরণ দিতে হবে। এরপর আধার কার্ডের মাধ্যমে অথেন্টিকেশন সম্পন্ন করা হবে। কর্মীর সম্মতি নিয়েই তৎক্ষণাৎ পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর (PRAN) ইস্যু হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলার ৬০ দিনের মধ্যে গিগ কর্মীরা আপনার বাবা-মা এবং নমিনির বিবরণ যুক্ত করতে পারেন। জানিয়ে রাখি, একবার অ্যাকাউন্ট খোলা হলে সংস্থা পরিবর্তন করলেও, তা অ্যাকাউন্টটি সক্রিয় থাকবে। নতুন এগ্রিগেটরের সাথে সহজেই অ্যাকাউন্টটি সংযুক্ত করে নেওয়া যায়।
আরও পড়ুন: মোবাইল থেকেই নর্মাল LPG কানেকশনকে করুন উজ্বলা যোজনায় ট্রান্সফার, জানুন পদ্ধতি
পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির এই প্রকল্পটি শেয়ার বাজারের (Share Market) সাথে যুক্ত এবং এতে পেনশনের সুবিধা মিলবে। কর্মীর জমা করা অর্থ শেয়ার বাজার ও নিরাপদ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে, যা দীর্ঘমেয়াদে অবসরের জন্য একটি বড় ফান্ড গড়ে তুলতে সাহায্য করবে। কর্মীর বয়স ৬০ পেরোল এককালীন অর্থ প্রদান করা হবে। তবে, অবশিষ্ট অর্থ দিয়ে অ্যানুইটি (annuity) কিনে মাসিক পেনশনও পেতে পারেন। পেনশনের পরিমাণ নির্ভর করবে জমা করা অর্থের পরিমাণ এবং অ্যানুইটির মূল্যের ওপর।