অনন্যা সরকার, কলকাতা: ফোনের ব্যাক কভারের মধ্যে অনেকেই খুচরো টাকা রেখে দেন, বা কিছু ছোটখাটো কাগজপত্রও কভারের মধ্যে রাখার অভ্যাস অনেকের রয়েছে। কিন্তু তেজপাতা? হ্যাঁ, ইদানীং সোশ্যাল মিডিয়ায় এই অদ্ভুত ট্রেন্ড (Bay Leaf Phone Cover Trend) ভাইরাল হয়েছে। রান্নায় ব্যবহার করা শুকনো তেজপাতা এখন ফোনের ব্যাক কভারের ভিতরে রাখতে শুরু করেছেন অনেকে। সাম্প্রতিক একটি প্রতিবেদনেও এই ভাইরাল কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে, ফোনের ব্যাক কভারে তেজপাতা রাখলে মিলবে অর্থ, সমৃদ্ধি, সাফল্য ও নিরাপত্তা। সেই আশায় অনেকেই এখন এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। তবে এর সাথে কি সত্যিই কোনো অতিপ্রাকৃত বিষয় যুক্ত রয়েছে, নাকি এটি নিছকই একটি কুসংস্কার? আসুন তাহলে এই ট্রেন্ডের পিছনে থাকা আসল কারণটি জেনে নেওয়া যাক।
শুরু হয়েছে ফোনের ব্যাক কভারে তেজপাতা রাখার চল
স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ন অংশ হয়েছে উঠেছে। শুধু যোগাযোগের কাজে নয়, ফোন এখন পেশাগত ও আর্থিক লেনদেনেরও একটি প্রধান মাধ্যম হয়ে উঠেছে। ফলে অনেকেই এখন ফোনকে সৌভাগ্যের সাথে জড়িত বলে ভাবেন। তাই মোবাইল ফোনকে কেন্দ্র করেও নানারকম টোটকার কথা সামনে আসছে। সাম্প্রতিকতমটি হল এই ব্যাক কভারে তেজপাতা রাখার বিধি।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে ১৫ আগস্ট পালিত হয় না স্বাধীনতা দিবস! কারণ জানেন?
এই প্রবণতাটি ইন্টারনেটে বেশ সাড়া ফেলে দিয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, অনেকেই এটিকে এখন এক ধরনের ছোটখাটো সৌভাগ্যের প্রতীক বা ‘গুড লাক চার্ম’ হিসেবে ব্যবহার করছেন। প্রাচীন গ্রিক ও রোমান ঐতিহ্যে তেজপাতা বা ‘লরাস নবিলিস’ (Laurus nobilis)-কে জিত, প্রজ্ঞা ও সম্মানের প্রতীক হিসেবে গণ্য করা হতো। পরবর্তীকালে সময়ের সাথে সাথে বিভিন্ন সংস্কৃতিতে তেজপাতাকে আর্থিক সমৃদ্ধি এবং অশুভ শক্তির হাত থেকে সুরক্ষার প্রতীক হিসেবেও দেখা শুরু হয়।
সারাদিনে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার্য জিনিসের মধ্যে অন্যতম হল মোবাইল ফোন। তাই অনেকেই মনে করছেন, এই ফোনের সাথে একটি তেজপাতা রাখলে জীবনে সবসময় ইতিবাচক শক্তির উপস্থিতি বজায় থাকবে। আধ্যাত্মিকতা ও বাস্তুশাস্ত্রে বিশ্বাসী ব্যক্তিরা মনে করেন, একটি করে শুকনো তেজপাতা কাছে রাখলে, তা মানুষের জীবনে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। আগেকার যুগে মানুষ মানিব্যাগ বা ক্যাশ বক্সে তেজপাতা রেখে দিতেন, কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে মোবাইল ফোনই কার্যত আমাদের আর্থিক লেনদেনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তাই অনেকেই এখন তাদের ফোনের কভারের ভেতরে তেজপাতা রাখতে শুরু করেছেন।
আরও পড়ুন: স্বাস্থ্যসাথীতে নাম না থাকলে পাবেন না আয়ুষ্মান ভারত কার্ড? জেনে নিন
প্রসঙ্গত, বিভিন্ন আধ্যাত্মিক মতবাদে তেজপাতাকে সুরক্ষাকবচ হিসেবেও বিবেচনা করা হয়। কেউ কেউ বিশ্বাস করেন, স্মার্টফোন ইন্টারনেট সিগন্যাল ও তরঙ্গের মাধ্যমে নানা ধরনের শক্তি ও কম্পনকে শোষণ করে। তাই ফোনের কভারের ভেতরে তেজপাতা রাখলে, তা ছাঁকনির মতো পারিপার্শ্বিক নেতিবাচক শক্তি ও ‘কুদৃষ্টি’ শুষে নেয় এবং ব্যবহারকারীকে মানসিক প্রশান্তি ও প্রফুল্লতা প্রদান করে। তবে ফোনের কভারে তেজপাতা রাখার এই প্রথার সপক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।