অনন্যা সরকার, কলকাতা: মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন (Mumbai Ahmedabad Bullet Train) প্রকল্পের খরচ পৌঁছালো আনুমানিক ব্যয়ের দ্বিগুণের কাছাকাছি। জানা যাচ্ছে, এই প্রজেক্টের সংশোধিত ব্যয় বেড়ে প্রায় ২.১ লক্ষ কোটি টাকা হয়েছে, যেখানে প্রকল্পটির প্রাথমিক আনুমানিক ব্যয় ১.১ লক্ষ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। সাম্প্রতিক একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই উচ্চ-গতির রেল করিডোরের সংশোধিত ব্যয়ের অনুমোদনের প্রস্তাবটি মঙ্গলবার মন্ত্রিসভায় পেশ করা হয়েছে। এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পটির কাজ শুরুর পর থেকেই বেশ কয়েকবার নানা কারণে থমকে গেছে। বিশেষ করে জমি অধিগ্রহণ, আইনি ছাড়পত্র পাওয়া ও ট্রেন সেট চূড়ান্ত করার প্রক্রিয়ায় দেরি হওয়ার ফলে প্রকল্পের খরচ ও কাজ শেষ হওয়ার সময়সীমা – দুই বেড়েছে।
মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের ব্যয় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেল
রেল মন্ত্রকের ব্যয়ের এই সাম্প্রতিক বৃদ্ধির জন্য মূলত মহারাষ্ট্রের জমি অধিগ্রহণে দীর্ঘ সময় লাগা এবং জাপান থেকে ট্রেন সেট আসতে দেরি করা – এই দুই কারণকেই দায়ী করা হচ্ছে। ৫০৮ কিলোমিটার দীর্ঘ মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডোরের প্রাথমিক আনুমানিক ব্যয় ছিল প্রায় ১.১ লাখ কোটি টাকা। সেখানে এখন এর সংশোধিত ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২.১ লাখ কোটি টাকা, অর্থাৎ প্রায় ১ লাখ কোটি টাকা ব্যয় বাড়ছে।
জানিয়ে রাখি, সম্পূর্ণ মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেনের করিডোরটি ২০৩০ সালের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, যাত্রীরা তার আগেই এই দ্রুতগতির রেল নেটওয়ার্কের একটি অংশের অভিজ্ঞতা লাভ করতে পারবেন। শোনা যাচ্ছে, করিডোরটির প্রথম অংশ ২০২৭ সালের আগস্ট মাসে চালু হতে পারে। এই উচ্চ প্রত্যাশিত রেল প্রজেক্টটি বিশেষ দ্রুতগতির রেল করিডোরের মাধ্যমে মুম্বাই ও আহমেদাবাদকে যুক্ত করবে এবং এটি সম্পূর্ণরূপে চালু হলে শহর দুটির মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: পাল্টে যাবে এনজেপি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসের সময়সূচি? পূর্ব রেলের কাছে জমা পড়ল প্রস্তাব
তবে, সংশোধিত ব্যয়ের ফলে প্রকল্পটির ফাইন্যান্সিং স্ট্রাকচারে পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের বর্ধিত ব্যয়ের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ফান্ডের বেশিরভাগই বাজেটের সহায়তার মাধ্যমে আসার সম্ভাবনা রয়েছে। তবে, মূল ১.১ লক্ষ কোটি টাকার তহবিলে বাজেটের বরাদ্দ করা অর্থের পাশাপাশি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA)-র আর্থিক সাহায্যও অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্রের খবর, রেলওয়ে জানিয়েছে যে এই উচ্চ-গতির বুলেট ট্রেনগুলো ভারতেই তৈরি করা হবে। প্রতিটি ট্রেনের জন্য প্রায় ৩৯০ কোটি থেকে ৪০০ কোটি টাকা খরচ হতে পারে। একদিকে, ভারত উচ্চ-গতির রেল প্রযুক্তির জন্য সক্ষমতা গড়ে তোলার চেষ্টায় রয়েছে, পাশাপাশি দেশীয় উৎপাদনের ক্ষেত্রে এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
আরও পড়ুন: সহজে ইসকন দর্শন, হলদিয়া থেকে মায়াপুর এসি বাস পরিষেবা শুরু, জানুন রুট ও সময়সূচি
মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পটি ঘোষণার পর থেকেই বেশ কয়েকবার বিলম্বের সম্মুখীন হয়েছে। তার দরুন বেড়েছে গেছে এর ব্যয় ও কাজ শেষ করার সময়সীমা। গত জানুয়ারি মাসে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার জানিয়েছিলেন, এই প্রকল্পটির ব্যয় প্রায় ৮৩ শতাংশ বেড়ে ১.৯৮ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। আর গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের সংশোধিত ব্যয়ের প্রস্তাবটি পেশ করা হয়েছে বলে জানা গেছে।