সোনা কেনা থেকে বিদেশে ভ্রমণ, এখন করা যাবে না বিয়েও! দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের সোনা (Gold) কেনা থেকে শুরু করে বিদেশ ভ্রমণ নিয়ে দেশবাসীকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে এবার দেশের চৌকিদারের বার্তায় জুড়ে গেল বিয়ের প্রসঙ্গও। 2026-27 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধির হার 7.8 শতাংশ হওয়ায় দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তায় নানান বক্তব্য রাখার সাথে সাথে আত্মনির্ভরতা এবং স্বদেশীকতার উপর জোর দিয়েছেন তিনি। একই সাথে, বিদেশে ঘুরতে যাওয়া থেকে শুরু করে সোনা কেনা এমনকি বিয়ে করার ক্ষেত্রেও বড় পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদি।

দেশবাসীর উদ্দেশ্যে কোন কোন বার্তা দিলেন নরেন্দ্র মোদি?

সমাজমাধ্যম থেকে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, বিদেশ ভ্রমণ যদি ছুটি কাটানোর জন্য কিংবা সাময়িক আনন্দ উপভোগের উদ্দেশ্যে হয় তবে তা এখন না করাই ভাল। বিদেশে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান পালন বা বিদেশে বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন তিনি। এর পাশাপাশি প্রয়োজন না থাকলে সোনা কেনা উচিত নয় বলেও জানিয়েছেন দেশের চৌকিদার।

স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে, কেন বিদেশ ভ্রমণে আপত্তি রয়েছে প্রধানমন্ত্রীর? সেটাও খুব পরিষ্কার ভাবে জানিয়েছেন তিনি। ওই ভিডিও বার্তাতেই নরেন্দ্র মোদি বলেছেন, বিদেশে ভ্রমণের ক্ষেত্রে দেশের অর্থ বাইরে চলে যায়। এর ফলে উপকৃত হন বাইরের দেশের ব্যবসায়ীরা। তাই ভারতীয়রা যদি দেশের মধ্যেই বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ঘুরতে যান এবং সেখানকার হোটেলে বসবাস করেন তবে দেশের অর্থ দেশের মধ্যেই থাকবে। ঠিক একইভাবে বিদেশে গিয়ে বিয়ে না করে দেশের মাটিতেই ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করলে দেশের টাকা অন্যান্য দেশের অর্থনীতিতে যুক্ত হবে না।

আরও পড়ুন: সরকারি জমি দখলের অভিযোগ, হাইকোর্টে আবেদন করেও প্রত্যাহার করলেন ইউসুফ পাঠান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন, দেশের মধ্যেই বিয়ের যাবতীয় অনুষ্ঠান আয়োজন করলে স্থানীয় কর্মসংস্থান এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রে লাভ হয় ভারতেরই। এ ছাড়াও সোনা না কেনার পরামর্শের নেপথ্য কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আসলে ভারতে বেশিরভাগ সোনার চাহিদা পূরণ হয় আমদানি দিয়েই। কাজেই দেশের মানুষ যদি বেশি সোনা কেনেন তবে ভারতকেও সোনা আমদানি উপর জোর দিতে হবে। এতে চাপ পড়বে দেশের বৈদেশিক মুদ্রায়। এর পাশাপাশি প্রধানমন্ত্রী বিদেশি পণ্যগুলির পরিবর্তে দেশীয় পণ্য কেনার উপর জোর দিয়েছেন। তাতে আরও শক্তিশালী হবে দেশের অর্থনীতি।

Leave a Comment