পুরভোটের আগে মাস্টারস্ট্রোক! একলাফে বাড়িয়ে দেওয়া হল শিলিগুড়ি, দুর্গাপুরের ওয়ার্ড সংখ্যা

প্রীতি পোদ্দার, কলকাতা: পুরসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Government Of West Bengal), কলকাতা হাওড়ার পর এবার শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের ওয়ার্ড সংখ্যা বাড়ানো হল। জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের জন্য ৬৩টি ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। এর ফলে বর্তমানে থাকা ৪৭টি ওয়ার্ডের তুলনায় ভবিষ্যতে ওয়ার্ড সংখ্যা আরও ১৬ টি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হল। বাদ যাবে না দুর্গাপুরও (Durgapur) গতকাল, পুর ও নগরোন্নয়ন দফতরের এক নির্দেশিকার মাধ্যমে প্রকাশ্যে এসেছিল এই তথ্য।

ওয়ার্ড সংখ্যা বাড়ল শিলিগুড়ি পুরনিগমের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল সোমবার পুর ও নগরোন্নয়ন দফতর এক নির্দেশিকা জারি করেছিল। সেখানে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পুরনিগম আইন, ২০০৬-এর ৭ নম্বর ধারা অনুযায়ী শিলিগুড়ি পুরনিগমের জন্য ৬৩টি ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দুর্গাপুর পুরনিগমের মোট ওয়ার্ড সংখ্যা ৪৩টি থেকে বাড়িয়ে ৫৩টি করা হয়েছে, অর্থাৎ এই পুরনিগমে নতুন ১০টি ওয়ার্ড যুক্ত করা হয়েছে। জনসংখ্যা, জনঘনত্ব, ভৌগোলিক পরিস্থিতি, ঐতিহাসিক গুরুত্ব এবং সংশ্লিষ্ট এলাকার অর্থনৈতিক বিষয় বিবেচনা করেই পুরনিগমের ওয়ার্ড সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

কীসের ভিত্তিতে ওয়ার্ড সংখ্যা বাড়ানো হয়েছে?

ইতিমধ্যেই বিজ্ঞপ্তির কপি রাজ্য নির্বাচন কমিশন, দার্জিলিংয়ের জেলাশাসক, ডিরেক্টর অফ লোকাল বডিজ, স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি এবং শিলিগুড়ি পুরনিগমের কমিশনার-সহ সংশ্লিষ্ট দফতরগুলিতে পাঠানো হয়েছে। ফলে এবার নতুন ওয়ার্ড বিন্যাস, সীমানা নির্ধারণ এবং পরবর্তী নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে এই ওয়ার্ড বৃদ্ধির ফলে সাধারণ নাগরিকরা বহু দিক থেকে উপকৃত হবে বলে আশা করা যাচ্ছে। কারণ রাস্তাঘাট নির্মাণ, পানীয় জল সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক পুর-পরিষেবাগুলি অনেক বেশি দ্রুত ও নিখুঁতভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন: ‘আমার জীবন ধন্য’ মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করে কী বললেন মধ্যমগ্রামের বৃদ্ধা?

যেহেতু সামনেই পুরসভা নির্বাচন তাই স্বাভাবিকভাবেই ওয়ার্ড সংখ্যা বেড়ে যাওয়ার কারণে রাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন আসতে চলেছে। কিছুদিন আগেই কলকাতা ও হাওড়া পৌরনিগমের ওয়ার্ড সংখ্যা বাড়ানো নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলকাতায় বাড়ানো হয়েছে ২০৯টি এবং হাওড়ায় বাড়ছে ১৮টি ওয়ার্ড। এখন দেখার শিলিগুড়ি, দুর্গাপুরে কোন কোন এলাকা নতুন ওয়ার্ডে যুক্ত হবে, কীভাবে সীমানা পুনর্বিন্যাস হবে এবং নতুন ওয়ার্ডগুলিতে রাজনৈতিক লড়াইয়ের চিত্র কী দাঁড়াবে।

Leave a Comment