সহেলি মিত্র, কলকাতা: বাংলা থেকে সরে গিয়েছে নিম্নচাপ। যদিও এখন উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় সুস্পষ্ট নিম্নচাপ এলাকা বিরাজ করছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভাবছেন নিম্নচাপ সরে গিয়েছে বলে আর বৃষ্টি হবে না? তাহলে ভুল ভাবছেন। কারণ আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির তাণ্ডব অব্যাহত থাকবে বলে খবর (Weather Today)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ বৃহস্পতিবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের কোথাও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতা, হাওড়া, হুগলী, দুই বর্ধমান, বীরভূম সহ প্রতিটি জেলাতেই বৃষ্টিপাত চলবে। তবে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
দীর্ঘদিন ধরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উপকূলীয় ওড়িশা, ঝাড়খণ্ড ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি এখন উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি দক্ষিণ উত্তরপ্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশের উপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। গড় সমুদ্রপৃষ্ঠে অবস্থিত মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে ভাটিন্ডা, রোহতক, হারদোই, কানপুর, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের উপর অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র, দিঘার উপর দিয়ে অতিক্রম করে এবং সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগার পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আরও পড়ুনঃ রেশন কার্ডে বিরাট কেলেঙ্কারি! পরিবারের সাথে জুড়ল অচেনা ৪ প্রতিবেশীর নাম
সেইসঙ্গে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়।
আগামীকালের আবহাওয়া
কেমন থাকবে আগামীকালের আবহাওয়া নিশ্চয়ই ভাবছেন? আলিপুর মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহার জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন মাঝারি থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির জন্য বিশেষভাবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।