সহেলি মিত্র, কলকাতা: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সমগ্র বাংলা। ডিভিসির তরফে জল ছাড়ার কারণে জেলায় জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। বিপদ সীমার উপর দিয়ে বইছে একের পর এক নদী। গত দু মাসে যত না বৃষ্টি হয়েছে এখন বিদায় বেলায় অর্থাৎ সেপ্টেম্বর মাসেই বৃষ্টির বেগ এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। এখনো বহু জায়গায় জল নামেনি, এরই মধ্যে শুক্রবার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস (Weather Today) জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে নিচু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের উদ্দেশ্যে প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
একাধিক আবহাওয়া সিস্টেমের জেরে আজ থেকে আবারো একবার ভারী বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এখনো অবধি বহু জায়গায় জল নামেনি। এহেন পরিস্থিতিতে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি ক্রমশ খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার জন্মাষ্টমীর দিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ একই এলাকার উপর অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে দক্ষিণ দিকে হেলে রয়েছে। কয়েক ঘণ্টায় এটি দক্ষিণ মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তর মধ্যপ্রদেশের উপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এরইসঙ্গে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমী অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, ফতেহপুর, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রের কেন্দ্র, ডালটনগঞ্জ, দীঘা হয়ে সমুদ্রপৃষ্ঠের দিকে পূর্বদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। উত্তরবঙ্গের ব্যাপক পরিমাণে ভারী বৃষ্টি শুরু হয়েছে। ধস নেমেছে জায়গায় জায়গায় ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে এদিন দার্জিলিং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উল্লেখিত জেলাগুলিতে।
আরও পড়ুনঃ বন্ধ থাকবে অফিস, স্কুল-কলেজ! ১১ সেপ্টেম্বর নতুন ছুটির ঘোষণা সরকারের
আগামীকালের আবহাওয়া
শনিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন উত্তরবঙ্গের শুধুমাত্র জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায়।