স্কুলছুট পড়ুয়াদের ফেরানোর উদ্যোগ, জাতীয় পুরস্কার পেলেন রামপুরহাটের অরিন্দম

আনিষা চৌধুরী, কলকাতা: স্কুলছুট পড়ুয়াদের জীবনে শিক্ষার আলো। তাঁদের ফের মূলস্রোতে ফিরিয়ে আনার উদ্যোগে বিশেষ স্বীকৃতি পেলেন রামপুরহাটের (Rampurhat) বাসিন্দা তথা শিক্ষা দফতরের আধিকারিক অরিন্দম দত্ত। ‘মিশন জাগৃতি’ প্রকল্পের মাধ্যমে স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তাই জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন অরিন্দম দত্ত। বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর চক্রে অবর বিদ্যালয় পরিদর্শক হিসাবে কর্মরত এই অরিন্দম। এর আগে দীর্ঘদিন মুর্শিদাবাদ জেলার সুতি ১ ব্লকে একই দায়িত্ব সামলেছেন তিনি।

বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়াদের ফেরানোর উদ্যোগ

২০১৭ সাল থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মার্চ মাস পর্যন্ত সুতি ১ ব্লকের অবর বিদ্যালয়ে পরিদর্শক হিসাবে কাজ করেছেন অরিন্দম। তাঁর কর্মক্ষেত্রটি মূলত বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা। সেখানে মোট ৭৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিভিন্ন কারণে বহু পড়ুয়ার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তাঁদের ফের স্কুলমুখী করতে প্রশাসনের তরফে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলার উদ্যোগ নেওয়া হয়। সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোঝানো হয় তাঁদের। সেই কাজের স্বীকৃতিই এসেছে জাতীয় স্তরের এই সম্মানের মাধ্যমে।

শিক্ষা প্রশাসনে বিশেষ অবদানের জন্য গত ২ ও ৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত হয় জাতীয় সম্মেলন। সেখানেই অরিন্দমের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এনআইপিএ (নিপা)-র আয়োজিত ওই সম্মেলনে ‘মিশন জাগৃতি’ প্রকল্পের জন্য তাঁকে সম্মানিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে মোট ১০ জন শিক্ষা আধিকারিক এই জাতীয় পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন অরিন্দমও।

আরও পড়ুন: ২০,৭০০ কোটি খরচে চালু হল ২,৮৪৩ কিলোমিটার দীর্ঘ ডেডিকেটেড ফ্রেট করিডোর

এই সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই গর্বিত অরিন্দম। নিজের স্কুলজীবনের কথাও স্মরণ করেছেন তিনি। অরিন্দম জানান, তিনি রামপুরহাট হাই স্কুলের প্রাক্তন ছাত্র। তাঁর স্কুলের শিক্ষক নিখিলকুমার সিংহও জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। সেই স্কুলেরই ছাত্র হিসেবে এবার নিজে জাতীয় স্তরের পুরস্কার পাওয়াকে অত্যন্ত গর্বের মুহূর্ত বলেই জানিয়েছেন অরিন্দম।

Leave a Comment