“জয়িতাকে কেউ টার্গেট করবে না” অদ্ভুত শর্ত রাজবীরের, বিগ বসের ঘরে দক্ষযজ্ঞ

আনিষা চৌধুরী, কলকাতা: বিগ বসের (Bigg Boss Bangla) ঘরে প্রতিদিনই বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। কখনও সামান্য কথাতেই তৈরি হচ্ছে অশান্তি, আবার কখনও ছোট্ট কোনও ঘটনাই হয়ে উঠছে হাসি-ঠাট্টার বিষয়। একসঙ্গে এতজন প্রতিযোগী থাকলে নিজেদের পছন্দ-অপছন্দ থেকে শুরু করে ব্যক্তিগত জায়গা, সবকিছু নিয়েই টানাপোড়েন তৈরি হওয়াটা স্বাভাবিক। তেমনই এক ঘটনা ঘিরে সরগরম হয়ে উঠল বিগ বসের ঘর। তবে এবার কোনও টাস্ক কিংবা বড়সড় ঝামেলা নয়, বিতর্কের কেন্দ্রে উঠে এল ঘুমানোর জায়গা।

বিছানা নিয়ে চরম বিতর্ক

আজ কে কোথায় ঘুমবেন, সে নিয়েই চলছিল কথাবার্তা। যেহেতু ক্যাপ্টেনের বেড ফাঁকা তাই কাউকে একটা অন্য কারো সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। এই নিয়ে আলোচনা চলার মাঝেই রাজবীর গিয়ে বসেন মনামীর সিঙ্গেল বেডে। প্রথমে তাকে নিজেই সেই অনুমতি দিয়েছিল মনামী। কিন্তু পরবর্তীতে রাজবীরের অসভ্য ব্যবহারে সে নিজের কথা ফিরিয়ে নেয় এবং বিছানাটা ছেড়ে দিতে বলে। তাঁকে সেখান থেকে উঠে যেতে বলা হলেও কোনওভাবেই নিজের জায়গা ছাড়তে রাজি হননি তিনি। ঘরের বাকি সদস্যরা বারবার তাঁকে উঠে যাওয়ার কথা বললেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন রাজবীর। বিষয়টি নিয়ে ধীরে ধীরে তাঁর সঙ্গে অন্য সদস্যদের কথাকাটাকাটিও শুরু হয়ে যায়। তবে এরপরই রাজবীর এমন একটি শর্ত দিয়ে বসেন, যা শুনে পরিস্থিতি একেবারে অন্যদিকে মোড় নেয়।

রাজবীর জানান, তিনি ওই বিছানা ছেড়ে অন্য জায়গায় চলে যেতে রাজি। তবে তার জন্য ঘরের সবাইকে একটি শর্ত মানতে হবে। রাজবীর বলে, “কথা দাও তোমরা জয়িতাকে কেউ টার্গেট করবে না”। রাজবীরের মুখে এই কথা শুনেই হাসিতে ফেটে পড়েন সকলে। পরিস্থিতি আরও মজার হয়ে ওঠে যখন নন্দিনী মজার ছলে বলে ওঠেন, ‘‘কেউ সিঁদুর নিয়ে আসো, তোরা মালা বদলটা সেরে নে!’’ নন্দিনীর এই মন্তব্যে ভীষণ রেগে যায় রাজবীর। সেখান থেকে উঠে চলে যায় সে। যদিও রাজবীরের এই শর্ত মেনে নিতে একেবারেই রাজি হননি অন্য সদস্যরা।

আরও পড়ুন: ফ্লিপকার্টে iPhone 17 Pro Max-এ মিলছে ৭০ হাজার টাকা ছাড়, মানতে হবে এই শর্ত

বরং রাজবীরকে পাল্টা জানিয়ে দেওয়া হয়, এতদিন যদি শুধু জয়িতাকে টার্গেট করা হয়ে থাকে, তাহলে এবার থেকে টার্গেটের তালিকায় আরও একজনের নাম যোগ হবে। অর্থাৎ জয়িতার পাশাপাশি রাজবীরকেও টার্গেট করা হবে। ফলে কে কোন বিছানায় ঘুমবেন, সেই সামান্য বিষয় থেকে শুরু হওয়া সমস্যা শেষ পর্যন্ত পরিণত হয় তুমুল তর্ক-বিতর্কে। সবার বিরুদ্ধে গিয়ে তাঁর পক্ষ নেওয়ার জন্য আলাদা করে রাজবীরকে ধন্যবাদ জানায় জয়িতা। তবে ভালো সাজতে গিয়ে রাজবীরের দেওয়া শর্ত যে উল্টে তাঁকেই হাসির কেন্দ্রবিন্দুতে এনে ফেলেছে, সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment