অনন্যা সরকার, কলকাতা: আধার কার্ডে নাম পরিবর্তন করার পুরো প্রক্রিয়াটি এখন আগের থেকে অনেক সহজ করলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। তবে এখন নাম পরিবর্তনের প্রতিটি ভিন্ন পরিস্থিতির জন্য আলাদা নিয়ম রয়েছে (Aadhaar Name Update Rules)। কেউ বিয়ের পর নাম পরিবর্তন করতে চান, আবার কারও পুরোপুরি নাম পরিবর্তন করার প্রয়োজন রয়েছে – এরকম আলাদা আলাদা পরিস্থিতির জন্য পৃথক নিয়ম রয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রতিটি ভিন্ন পরিস্থিতিতে কোন কোন নথি জমা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
আধারে নাম পরিবর্তনের নিয়ম
দেশের যে প্রান্তেই যাওয়া হোক না কেন, পরিচয়ের প্রমাণপত্র হিসাবে প্রথমেই আধার কার্ড দেখাতে বলা হয়। এমনকি কোনও দরকারি ফর্ম ফিল আপ করতে বা দামি কিছু ক্রয় করতে গেলেও আধার কার্ড দেখানো এখন অনেকক্ষেত্রেই বাধ্যতামূলক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে যদি সমস্ত আধার তথ্য আপডেট করা না থাকে, তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সর্বদা আধারের তথ্য আপডেট রাখা ভীষণভাবে জরুরি।
এবার যদি কোনও মহিলা বিয়ের পর তাঁর নাম বা পদবি পরিবর্তন করতে চান, তাহলে ইউআইডিএআই (UIDAI)-এর আধার আপডেটের জন্য গ্রহণযোগ্য নথিপত্রের তালিকা অনুযায়ী তাঁকে বিবাহের শংসাপত্র, অন্য পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণের মতো নথিগুলি জমা দিতে হবে। যদি শংসাপত্রে ছবি না থাকে, তাহলে ওই ব্যক্তিকে পুরোনো নাম ও ছবিযুক্ত অন্য একটি বৈধ পরিচয়পত্র জমা দিতে হবে।
আরও পড়ুন: না থাকলেই বিপদ, বাড়িতে বসেই বানিয়ে নিন নীল আধার, রইল প্রসেস
উল্টোদিকে, কেউ যদি বিবাহবিচ্ছেদের পর নিজের নাম আপডেট করতে চান, তাহলে তাঁকে ফ্যামিলি কোর্ট বা পারিবারিক আদালতের জারি করা বিবাহবিচ্ছেদের নির্দেশনামা জমা দিতে হবে। এক্ষেত্রেও, যদি এতে ছবি না থাকে, তাহলে ছবি যুক্ত পুরোনো একটি পরিচয়পত্র জমা দিতে হবে।
আর যদি বিয়ে বা বিবাহবিচ্ছেদ ছাড়াই ভিন্ন কোনও কারণে নিজের প্রথম নাম বা পুরো নাম পরিবর্তন করতে চান কেউ, তাঁর ক্ষেত্রে গেজেট বিজ্ঞপ্তিই হবে একমাত্র উপলব্ধ নথি। তবে মনে রাখতে হবে, গেজেট বিজ্ঞপ্তি শুধুমাত্র নাম পরিবর্তনের জন্য ব্যবহার করা যাবে। এই নথি ঠিকানা পরিবর্তন বা জন্ম তারিখের জন্য ব্যবহার করা যায় না।
আরও পড়ুন: KYC নয়, এটা না করলেও অক্টোবর থেকে এদের রেশন কার্ড বাতিল
আধারে নাম পরিবর্তনের প্রক্রিয়াটি কী?
আধারে পরিবর্তনের জন্য প্রথমেই নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখতে হবে। কেউ যদি নিজের পুরো নাম পরিবর্তন করতে চান, তাহলে গেজেট বিজ্ঞপ্তি প্রস্তুত করে রাখতে হবে। অন্য ক্ষেত্রে, পরিস্থিতি অনুযায়ী নথিপত্র হাতের কাছে রেডি করে রাখতে হবে। এরপর, আপনি ঘরে বসে মোবাইল বা কম্পিউটারে ইউআইডিএআই-এর অফিসিয়াল পোর্টাল থেকে অথবা সরাসরি আধার কেন্দ্রে গিয়ে নাম পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন।
- নাম পরিবর্তনের জন্য আবেদন করার সাথে সাথেই একটি ফর্ম দেওয়া হয়, যা অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে।
- এরপর আধারের আধিকারিকেরা ফর্মটি যাচাই করবেন এবং আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর ৭৫ টাকা ফি দিতে হবে।
- সম্পূর্ন প্রক্রিয়াটি সম্পন্ন হলে দেওয়া হবে একটি রশিদ, যেখানে আপডেট রিকোয়েস্ট নম্বর (URN) লেখা থাকবে। অনলাইনের ক্ষেত্রে সম্পূর্ন প্রক্রিয়া শেষ হওয়ার পর এই নম্বরটি জেনারেট হয়।
- এই নম্বর ব্যবহার করে যেকোনও সময় আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে।