বকেয়া মিটিয়েও পাননি ন্যায়বিচার, নিজেকে ‘নির্দোষ’ দাবি করলেন বিজয় মালিয়া

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত বিজয় মালিয়া (Vijay Mallya) এবার নিজেকে ‘নির্দোষ’ দাবি করে বসলেন। তিনি জানিয়েছেন, ব্যাঙ্কগুলি বকেয়া আদায় করার পরেও নাকি তিনি ন্যায়বিচার পাননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্ট করেন মালিয়া। আর সেখানেই তিনি দাবি করছেন, “যাঁরা বলেন আমি একজন পলাতক এবং ভারতে ফিরতে অস্বীকার করছি, তাঁদের জানা উচিত যে আমি ১৯৯২ সাল থেকে যুক্তরাজ্যের একজন স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে আইনতভাবে আমার এই দেশত্যাগে বাধা রয়েছে।”

নিজেকে নির্দোষ প্রমাণ করলেন বিজয় মালিয়া

গত বছরের ডিসেম্বর মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, পলাতক অপরাধীদের ফিরিয়ে আনা এবং আদালতে তাদের বিচার নিশ্চিত করতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। তবে আজ বিজয় মালিয়া তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানান, তাঁকে অন্যায়ভাবেই পলাতক ঘোষণা করা হয়েছে। তাঁর কথায়, “সমালোচকগণ অনুগ্রহ করে স্বাধীনভাবে তদন্ত করে দেখুন যে, ইডি আমার বাজেয়াপ্ত তহবিল এবং কিংফিশারের কর্মীদের বেতন দেওয়ার জন্য ৩৫০ কোটি টাকার বেশি অর্থ ছাড় দিয়েছে। আর আমি সেই অর্থ পরিশোধ করতে পারিনি। কারণ, ইডি আমার সম্পদ বাজেয়াপ্ত করেছিল।”

এর আগে আগস্ট মাসে তিনি আরও দাবি করেছিলেন যে, ব্যাঙ্কগুলি তাঁর কাছ থেকে বকেয়া আদায় করেছে। কিন্তু তিনি ন্যায়বিচার পাননি। তিনি লিখেছিলেন, “ব্যাঙ্কগুলি স্বীকার করেছে যে আদালতের নির্দেশে নেওয়া ৬২০৩ কোটি টাকার ঋণের বিপরীতে তাঁরা আমার কাছ থেকে ১৪,১০০ কোটি টাকা আদায় করেছে। তব অন্য অনেক ঋণগ্রহীতা এর চেয়ে অনেক কম টাকাতেই মীমাংসা করেছেন। সম্ভবত এটাই ভারতীয় ঋণ নিষ্পত্তির বিচার। গণমাধ্যমের পক্ষ থেকে কোনও রকম প্রশ্ন নেই।”

আরও পড়ুন: নেই লাইসেন্স, অগ্নি নির্বাপণ ব্যবস্থা! পুজোর আগে শহরের ৯১৯টি গেস্ট হাউস বন্ধের নোটিশ পুরসভার

পাশাপাশি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বোম্বে হাইকোর্ট বিজয় মালিয়াকে জানায় যে, তিনি ইচ্ছাকৃতভাবে আদালতের কার্যক্রম এড়িয়ে প্রতিকার চাইতে পারেন না। এমনকি মালিয়া ভারতে ফিরতে চান কিনা তা স্পষ্ট করার জন্য আদালত শেষ সুযোগও দিয়েছিল। এছাড়া ২০২৫ এর অক্টোবর মাসে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় জানিয়েছিলেন যে, পলাতক অর্থনৈতিক অপরাধী আইন ২০১৮-র আওতায় মোট ১৫ জনকে পলাতক অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে। যে তালিকায় বিজয় মালিয়া এবং নিরব মোদীর মতো বেশ কয়েকজনের নাম রয়েছে। তবে এবার মালিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করেই সম্পূর্ণ দোষ ব্যাংক কর্তৃপক্ষের উপরেই চাপালেন।

Leave a Comment