সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার আকাশে আবারও দুর্যোগের ঘনঘটা (Weather Update)! বুধবার সকাল থেকেই আকাশে রোদ। সেইসঙ্গে গরমও রয়েছে। তবে এই আবহাওয়া দেখে বিচলিত হওয়ার কিছু নেই। কারণ আপনার হাল বেহাল করতে আবারও বাংলায় ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎও। প্রতিদিনের মতো আজও দুপুর থেকে বিকেলের মধ্যে বদলে যাবে বাংলার আবহাওয়া। পশ্চিমবঙ্গের আকাশে একাধিক সক্রিয় বৃষ্টির সেল তৈরি হয়েছে। যে কারণে আর কিছুক্ষণের মধ্যে দুর্যোগ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা!
বিভিন্ন আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের কিছু অংশ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির সেল সক্রিয় রয়েছে। কোথাও বৃষ্টির তীব্রতা তুলনামূলক বেশি, আবার কিছু সেল দ্রুত তৈরি ও দুর্বলও হতে পারে। দক্ষিণবঙ্গের কথা বললে, আজ কলকাতা সংলগ্ন অঞ্চল, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত। এর পাশাপাশি পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার এক-দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় ৩০–৪০ কিমি/ঘণ্টা পর্যন্ত দমকা হাওয়া হতে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত থেকে ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এছাড়া মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ঝড় বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ১১ই সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ ডিএ মামলায় নতুন চিঠি পেলেন সরকারি কর্মীরা, নজরে ১২ সেপ্টেম্বর
আবহাওয়া অফিস সূত্রে খবর, মধ্য সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে ফিরোজপুর, মুজজফরনগর, বস্তি, দেহরি, দীঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ-পূর্বমুখীভাবে বিস্তৃত রয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের দিকে পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।