সৌভিক মুখার্জী, কলকাতা: মার্কিন ডলারের বিপরীতে ফের রেকর্ড পতন ভারতীয় টাকার (Indian Rupee)। গত কয়েকদিনে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল রুপি। তবে বিগত তিনদিন একনাগাড়ে ডলারের পাল্টা তলানিতে ঠেকছে টাকা। যুক্তরাষ্ট্র এবং ইরান উত্তেজনার মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছনোতেই বুধবার মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম ২১ পয়সা কমে ৯৪.৯৫-তে দাঁড়িয়েছে। এমনকি দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তা ৯৫-র স্তরের উপরে পৌঁছে গিয়েছে।
ডলারের বিপরীতে রেকর্ড পতন ভারতীয় রুপির
এদিন বৈদেশিক মুদ্রার বাজারে মার্কিন ডলারের বিপরীতে রুপির লেনদেন ৯৪.৮০-তে শুরু হওয়ার পরে তা ৯৪.৯৫-তে গিয়ে পৌঁছয়, যা আগের দিনের বন্ধের দরের তুলনায় ২১ পয়সা কম। উল্লেখ্য, গতকাল অর্থাৎ মঙ্গলবার মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম ১৮ পয়সা কমে ৯৪.৭৪-তে গিয়ে দাঁড়ায়। ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং অপরিশোধিত তেলের দামের বৃদ্ধির কারণেই ভারতীয় রুপির এই দরপতন। এমনকি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আক্রমণের ফলে ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে বলেই জানিয়েছেন বিশ্লেষক অনুজ চৌধুরী।
পাশাপাশি দুর্বল বৈশ্বিক বাজার রুপির উপর ভবিষ্যতে আরও চাপ সৃষ্টি করতে পারে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। এমনকি তা ৯৮-র স্তর পর্যন্ত গিয়েও পৌঁছতে পারে, যদি এভাবে তেলের দাম বাড়তে থাকে। কিন্তু সেক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কিছু পদক্ষেপের উপর নির্ভর করে আবারও টাকার দাম কিছুটা ঘুরে দাঁড়াতে পারে। এখন বিনিয়োগকারীরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মুদ্রাস্ফীতির দিকেই নজর রাখছেন।
আরও পড়ুন: দিল্লিতে বিক্ষোভকারী পড়ুয়াদের নোটিশ পাঠানোর জের, পুলিশকে ‘কড়া ধমক’ সুপ্রিম কোর্টের
অন্যদিকে ডলার ইনডেক্স ০.০৩% কমে এদিন ৯৮.৭৬-এ লেনদেন হচ্ছিল। পাশাপাশি বৈশ্বিক তেলের মানদন্ড ব্রেন্ট ক্রুড ফিউচার ট্রেডিং এদিন ১.৪১% বেড়ে ব্যারেল প্রতি লেনদেন হয়েছে ৯৯.৩০ ডলারে। সবচেয়ে বড় ব্যাপার, টাকার দাম পতন হওয়ায় দেশীয় শেয়ারবাজারে আজ দিনের শুরুতেই সেনসেক্স ৫০০.২৫ পয়েন্ট কমে ৭৫,৬০০.৬১ পয়েন্টে গিয়ে দাঁড়ায় এবং নিফটি ১৪৯.৪০ পয়েন্ট কমে ২৩,৫০৬.১০ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। টাকার দাম এভাবে পতন হলে শেয়ার বাজারে আরও ভয়ঙ্কর পতন নেমে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।