বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় অসম্ভব (India Vs Pakistan)! বিগত দিনগুলিতে ক্রিকেট থেকে হকি (Hockey) সব ক্ষেত্রেই সেটা প্রমাণ করে দেখিয়েছেন ভারতীয় খেলোয়াড়রা। চিনে অনুষ্ঠিত এবছরের জুনিয়র হকি মহিলা এশিয়া কাপের মঞ্চেও তার অন্যথা হল না। বৃহস্পতিবার, ড্রাগনের দেশে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়ে তাদের 19-0 গোলে বিধ্বস্ত করে ছাড়ল টিম ইন্ডিয়ার মেয়েরা। তাতে নতুন করে আবার লজ্জায় নাক কাটা গিয়েছে পশ্চিমের প্রতিবেশীর।
পাকিস্তানকে ধরাশায়ী করে দিল ভারত
এবছর জুনিয়র এশিয়া কাপে জাপান থেকে শুরু করে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দলকে গ্রুপ পর্বে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান পোক্ত করেছিল ভারত। আর সেখান থেকেই জুনিয়র হকি এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে তাদের যোগ্য জবাব দিল স্বদেশী নারীরা। এদিন ম্যাচ শুরু হতেই প্রথম সাত মিনিটে পাকিস্তানের বিপক্ষে প্রথম গোলটি করেন পূজা সাহু। এই গোলেই আত্মবিশ্বাস পায় গোটা ভারতীয় দল।
এদিন হাফ টাইমের মধ্যেই পাকিস্তানকে নাজেহাল করে একের পর এক গোল খাইয়ে 10টি গোল নিশ্চিত করে ফেলে ভারত। একপ্রকার সেখানেই পাকিস্তানের পরাজয় ঠিক হয়ে গিয়েছিল। বিরতির পর পুনরায় খেলা শুরু হলে পুকা মালিকের হ্যাটট্রিক এবং সুপ্রিয়া ও পূর্ণিমা যাদবের দুটি করে গোল মিলিয়ে আরও 9টি গোল করে টিম ইন্ডিয়া। এখান থেকে আর ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগ পায়নি পাকিস্তান দল। তাতে শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
FT: India 19-0 Pakistan
India thumps Pakistan in Women’s Junior Asia Cup quarter-final. No shame in losing to a better side, Pakistan’s team was only formed few weeks ago.#Hockey pic.twitter.com/30i7XxnLCS
— Muneeb Farrukh (@Muneeb313_) September 10, 2026
আরও পড়ুন: হর্ষিতের বিকল্প ঘোষণা, এশিয়ান গেমসের টিকিট পেলেন বৈভব সূর্যবংশী
সেমি ফাইনাল নিশ্চিত করল ভারত
চলতি এশিয়া কাপের গোটা গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করার পর পাকিস্তানের বিরুদ্ধে জয় নিশ্চিত করেই এবার সেমিফাইনালে পা রাখল টিম ইন্ডিয়া। ফাইনালে যাওয়ার আগে এই আসরে তাদের মুখোমুখি হতে হবে দক্ষিণ কোরিয়া বনাম মালয়েশিয়া ম্যাচের বিজয়ী দলকে। অর্থাৎ দক্ষিণ কোরিয়া অথবা মালয়েশিয়ার মধ্যে যেকোনও একটি দলই হবে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ।