প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ৬ অক্টোবর, নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। তাই স্বাভাবিকভাবেই দুই আসনের প্রার্থী পদ নিয়ে নানা আলোচনা চলছে। এমতাবস্থায় শোনা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছেড়ে আসা হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম (Nandigram Bypoll) আসনে নাকি দাঁড়াতে পারেন তাঁর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মা হাসি রথ। অর্থাৎ উপনির্বাচনে নন্দীগ্রাম থেকে তাঁকেই পদ্মপ্রার্থী করা হতে পারে বলে জোর জল্পনা। আর এবার সেই জল্পনার মাঝেই মুখ খুললেন হাসি রথ (Hasi Rath)।
নন্দীগ্রামে দাঁড়াবেন চন্দ্রনাথ রথের মা?
নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন ঘোষণা হতেই কে হবেন বিজেপির প্রার্থী, তা নিয়ে বেশ জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই বিজেপির অন্দরে একাধিক নাম উঠে আসছে। আর আশ্চর্যজনক ভাবে সেই তালিকায় একদম প্রথম সারিতে রয়েছেন নিহত চন্দ্রনাথ রথের মা হাসি রথ। আদতে এই তথ্য সঠিক কিনা তা যাচাই করতে ইতিমধ্যেই সাংবাদিকরা হাসি রথের সঙ্গে যোগাযোগ করে, আর সেখানেই তিনি আসল সত্য তুলে ধরেন। এ প্রসঙ্গে হাসি রথ বলেন, “বিষয়টি এখনও শুধুই জল্পনার পর্যায়ে রয়েছে। আমি একজন বিজেপি পরিবারের সদস্য। বিজেপি একটি সুশৃঙ্খল দল এবং কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের আলোচনার মাধ্যমেই প্রার্থী ঠিক করা হয়। তাই এখনই কোনও সিদ্ধান্তের কথা বলা যায় না।”
কী বলছেন হাসি রথ?
হাসি রথ সাক্ষাৎকার পর্বে আরও জানিয়েছেন যে, “ আমার বড় ছেলে মারা যাওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমার পরিবারের অভিভাবকের মত পাশে রয়েছেন। তাই তিনি যদি চান, নন্দীগ্রামের দায়িত্ব আমি নিই, তাহলে আমি দায়িত্ব নিতে প্রস্তুত। আমার রাজনীতি জীবনে যতটুকু সামর্থ্য আছে সবটা দিয়ে শেষ নিশ্বাস পর্যন্ত তা পালন করে যাব।” অন্যদিকে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী বলেন, “এই বিষয়ে কিছু জানি না। প্রার্থীর নাম যে কোনও মুহূর্তে ঘোষণা করা হবে, তাঁকে নিয়ে আমরা নির্বাচন করব। তবে আমাদের প্রার্থীই জিতবেন, সেটা নিয়ে কোনও ভাবার কোনও অবকাশ নেই। রেকর্ড মার্জিন হবে।”
আরও পড়ুন: লক্ষ্মীপূজা ২০২৬ কত তারিখে? দেখুন দিনক্ষণ, সময়সূচি ও আচারবিধি
প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকেই হাসি রথ রাজনীতির সঙ্গে যুক্ত। এখনও পর্যন্ত তিনি দুইবার পঞ্চায়েতের সদস্য ও তিনবার পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছেন। যদিও উপনির্বাচনের প্রার্থী নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। ফলে শেষ পর্যন্ত দেখার দল কাকে প্রার্থী করে। অন্যদিকে কালীঘাট তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে লড়তে পারেন বলে জল্পনা ছড়িয়েছে সম্প্রতি। এদিকে ঋতব্রত পন্থী তৃণমূলের মদন মিত্ররা জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের উপনির্বাচনে দাঁড়ালে তাঁরা আর প্রার্থী দেবেন না। যদিও এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কিছু জানানো হয়নি।