অনন্যা সরকার, উত্তরপ্রদেশ: দীর্ঘ দু’বছর ধরে দুর্বল নেটওয়ার্ক পরিষেবা পেয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা ঘটালেন অদ্ভুত কাণ্ড। ঘটনাটি ঘটেছে উত্তপ্রদেশের ফতেপুর জেলার হারদৌলি গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায়। সেখানে গত প্রায় দুই বছর ধরে দুর্বল নেটওয়ার্ক পরিষেবায় অতিষ্ঠ হয়ে একদল গ্রামবাসী জিও (Reliance Jio) টেলিকম কোম্পানির টেকনিশিয়ানকে বন্দী করে তাঁকে প্রায় দু’ঘণ্টা ধরে মোবাইল টাওয়ারের সঙ্গে বেঁধে রাখেন। এই ঘটনার ভিডিও (Viral Video) ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে চর্চা। আসলে কী ঘটেছে আসুন বিশদে জেনে নেওয়া যাক।
নেটওয়ার্ক পরিষেবা না পেয়ে টেকনিশিয়ানকে টাওয়ারে বাধলো গ্রামবাসী
বৃহস্পতিবার গ্রামবাসীদের একাংশের কাছ থেকে খবর পেয়ে ‘১১২’ পরিষেবায় নিয়োজিত পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ক্ষুব্ধ জনতার কবল থেকে ওই টেকনিশিয়ানকে উদ্ধার করেন। টেকনিশিয়ান আদিত্যভান সিং-এর অভিযোগের ভিত্তিতে বিন্দিকি থানায় অজ্ঞাতপরিচয় গ্রামবাসীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১২৭(২) ধারায় একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।
বাসাওয়ানপুর (আউং) গ্রামের বাসিন্দা আদিত্যভান সিং তার অভিযোগপত্রে দাবি করেছেন যে, তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎ সরবরাহ পরীক্ষা করতে হারদৌলি গ্রামে গিয়েছিলেন। তখনই একদল গ্রামবাসী তাঁর ওপর চড়াও হয়। তাঁরা দুর্বল মোবাইল সংযোগ নিয়ে নিয়ে অভিযোগ জানাতে থাকেন। এই বচসা অনেকদূর গড়ায়। অভিযোগকারী জানান, অজ্ঞাতপরিচয় গ্রামবাসীদের মধ্যে একজন তাঁকে মোবাইল টাওয়ারের সাথে বেঁধে ফেলতে বলেন, তাহলেই নাকি ভালো কানেকশন পাওয়া যাবে। এরপর গ্রামবাসীরা মিলে টেকনিশিয়ানকে দড়ি দিয়ে টাওয়ারের সাথে বেঁধে ফেলে। এই ঘটনার সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: “বেতন পাচ্ছেন কাজ না করার জন্য নয়” সরকারি কর্মীদের তুলোধোনা হাইকোর্টের প্রধান বিচারপতির
অন্য এক গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই টেকনিশিয়ানকে তাদের জিম্মা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গ্রামবাসীরা দাবি করেছেন যে, দুর্বল সংযোগের কারণে ফোন কল থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহার সহ অন্যান্য অনলাইন ভিত্তিক কাজ প্রায় দু’বছর ধরে ব্যাহত হচ্ছে। এর জন্যে স্থানীয় বাসিন্দাদের নানা অসুবিধা ও আর্থিক ক্ষতি হচ্ছে। তাঁরা এও বলেন যে, দুর্বল নেটওয়ার্ক পরিষেবা পাওয়া সত্ত্বেও উচ্চ রিচার্জের খরচ ঠিকই গুণে যেতে হচ্ছে।
Frustrated that Instagram Reels wouldn’t stream properly due to poor 5G speeds, angry villagers in UP’s Fatehpur tied a Jio technician to the mobile tower and demanded that senior officials come to the site immediately to fix the connectivity problems. pic.twitter.com/eVE0kFDjfA
— Piyush Rai (@Benarasiyaa) September 11, 2026
তবে আরেক সূত্র থেকে জানা গেছে যে, গ্রামবাসীরা যখন তাদের দুর্বল সংযোগের অভিযোগ মেটানোর জন্য টেকনিশিয়ানের ওপর চাপ সৃষ্টি করেন, তখন সেই টেকনিশিয়ান নিজেই গ্রামবাসীদেরকে টেলিকম কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন পৌঁছে দেওয়ার জন্য তাঁকে বন্দী করে মোবাইল টাওয়ারে বাঁধার পরামর্শ দেন।
আরও পড়ুন: এইদিন থেকে শুরু হচ্ছে Flipkart Big Billion Days 2026 সেল, তারিখ ঘোষণা
গ্রামবাসীদের দাবি, প্রায় দুই বছর আগে হারদৌলি গ্রামে এক মোবাইল কোম্পানির টাওয়ার বসানো হয়। এই টাওয়ার বসানোর সময় স্থানীয় বাসিন্দারা আশা করেছিলেন যে, দুর্বল মোবাইল নেটওয়ার্কের সমস্যার সমাধান হবে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, দুবছর পেরিয়ে গেলেও সেই নেটওয়ার্ক সমস্যা একই রয়েছে এবং তাঁদের অভিযোগ শোনার কেউ নেই। গ্রামের এক বাসিন্দা এই ঘটনার একটি ভিডিও রেকর্ড করেন, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেই পুলিশ বিষয়টি জানতে পারে, বর্তমানে তারা এনিয়ে তদন্ত চালাচ্ছে।