সৌভিক মুখার্জী, কলকাতা: নেপালে ঘুরতে গিয়ে এখনও পর্যন্ত খোঁজ মেলেনি মুকুল রায়ের পুত্রবধূ তথা শুভ্রাংশ রায়ের (Subhranshu Roy) স্ত্রী শর্মিষ্ঠ রায়ের। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে মুকুল পরিবার। এমনকি শর্মিষ্ঠা নেপাল সীমান্ত পেরিয়ে চিনে পৌঁছে গিয়েছেন বলেও দাবি করেছিলেন শুভ্রাংশু। যদিও এখনও পর্যন্ত যোগাযোগ সম্ভব হয়নি। তবে এবার তিনি সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন।
সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বড় বার্তা শুভ্রাংশ রায়ের
গতকাল সমাজমাধ্যমে শুভ্রাংশু রায় লেখেন, “সমস্ত সংবাদমাধ্যমের (সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়া এবং নিউজ পোর্টাল) কাছে আমার বিনীত অনুরোধ, কোনও অতিরঞ্জিত খবর প্রচার করবেন না। আমি আবারও বলছি, আমার এখনও বিশ্বাস রয়েছে যে এই ৩২ জন ভালো রয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে, তাদের সঙ্গে আমার কোনও ব্যক্তিগত যোগাযোগ হয়েছে। আশা করি, আমার এই বিনীত অনুরোধ আপনারা যথাযথ সহানুভূতির সাথে বিবেচনা করবেন।”
উল্লেখ্য, গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা রায়। তবে সম্প্রতি শুভ্রাংশর একটি ফেসবুক পোস্ট ঘিরে মিলেছিল আশার আলো। শুক্রবার সংবাদমাধ্যমের মারফত পাওয়া চিনের বিদেশ মন্ত্রকের একটি সাংবাদিক বৈঠকের ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছিলেন, “আমার কাছে যা খবর আছে, আমার বউ ওই সময় নেপাল ইমিগ্রেশন ক্রস করে তিব্বত চায়না সীমান্তে চলে গিয়েছে।”
আরও পড়ুন: এবার বিজেপিতে যোগদান করছেন দলত্যাগী ২০ জন! জানিয়ে দিলেন NCPI সাংসদ
এমনকি তাদের পরিবারের আশা, চিনে হয়ত নিরাপদ আশ্রয় বা সামরিক শিবিরে অন্যান্য পর্যটকদের সঙ্গে সুরক্ষিত রয়েছেন শর্মিষ্ঠা। তবে সে বিষয়ে কোনও নিশ্চয়তা মেলেনি। পাশাপাশি তিব্বত সীমান্তবর্তী এলাকায় প্রাকৃতিক দুর্যোগে নেটওয়ার্ক অকেজো হওয়ায় এবং নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে যোগাযোগ পর্যন্ত সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছিলেন শুভ্রাংশ। তবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে চিনের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাইয়ের আবেদন জানিয়েছিলেন মুকুল রায়ের পুত্র। এমনকি রাজ্যের সিপিআইএম নেতারাও এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন।