জল্পনাই হল সত্যি? নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী চন্দ্রনাথের মা, পড়ল পোস্টার

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে জল্পনার অবসান, উপনির্বাচনে (Nandigram Bypoll 2026) বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথ (Hasi Rani Rath)। তাও আবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে আসা হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম (Nandigram) থেকে। যদিও বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। তবে গোপন সূত্রে জানা গিয়েছে আজই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রচুর কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়ন পেশ করবেন তিনি। ইতিমধ্যেই নন্দীগ্রামে হাসি রানি রথের নামে পোস্টার পড়ে গিয়েছে এলাকায় এলাকায়।

প্রার্থী নিয়ে বাড়ছিল জল্পনা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে আসা হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচন ঘোষণা হতেই কে হবেন বিজেপির প্রার্থী, তা নিয়ে বেশ জল্পনা চলছিল রাজ্য রাজনীতিতে। বিজেপির অন্দরে একাধিক নাম উঠে এসেছিল। সেই তালিকায় একদম প্রথম সারিতে ছিলেন নিহত চন্দ্রনাথ রথের মা হাসি রথ। আদতে এই তথ্য সঠিক কিনা তা যাচাই করতে সাংবাদিকরা হাসি রথের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি এই দায়িত্ব দিয়ে থাকেন তাহলে সেটি তিনি পালন করার যথাযথ চেষ্টা করবেন। কিন্তু এবার দেখা গেল সেই জল্পনায় সত্যি হল। হাসি রানি রথ-ই হলেন বিজেপির প্রার্থী।

পোস্টার পড়ে গিয়েছে এলাকায় এলাকায়

ইতিমধ্যেই নন্দীগ্রামে প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথের নামে পোস্টার পড়ে গিয়েছে। দলের একাংশের তরফে জানা গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রাম ২১০ বিধানসভার জানকীনাথ মন্দিরে পুজো দেবেন হাসি রানি রথ। এরপর প্রায় ২০ হাজার কর্মী সমর্থক নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বড় মিছিল করে মনোনয়ন পেশ করবেন। এই মিছিলটি হলদিয়া কদমতলা মোড় জেলা শাসকের দফতর পর্যন্ত হবে। যদিও বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাই রাজনৈতিক মহলে চূড়ান্ত শোরগোল শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: উপনির্বাচনের আগেই হার কালীঘাট তৃণমূলের! জোট চেয়েছিল মমতা, পাত্তা দিল না কংগ্রেস

প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকেই শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথ রাজনীতি করে আসছে। এমনকি দুইবার পঞায়েতের সদস্য ও তিনবার পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছিলেন। তাই তিনি যে বিজেপির প্রার্থী হওয়ার যোগ্য সে ব্যাপারে অনেকেই সহমত। অন্যদিকে নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই বাম, তৃণমূল এবং কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিয়েছে, এখন দেখার সেই নির্বাচনের ফলাফল কোন দিকে মোড় নেয়।

Leave a Comment