বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর কিছু দিনের অপেক্ষা। আসন্ন অক্টোবরেই শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় দলের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (India Vs Brazil)। আন্তর্জাতিক ফুটবলের অন্যতম শক্তিশালী এই দলের বিরুদ্ধে গোল করা যেকোনও ফুটবলারের কাছেই স্বপ্ন। পুরুষদের ফুটবলে সেই স্বপ্নই পূরণ করে দেখিয়েছিলেন একমাত্র ভারতীয় ফুটবলার কোমল থাটাল (Komal Thatal)। তিনিই ভারতের প্রথম এবং শেষ পুরুষ ফুটবলার, যিনি ব্রাজিলের মতো ক্ষমতাশালী দলের জালে বল জড়িয়ে ছিলেন (Indian Football History)।
ব্রাজিলকে গোল খাওয়ানো একমাত্র ভারতীয়কে চিনে নিন
সালটা ছিল 2016। ভারতের মাটিতে অনুষ্ঠিত BRICS অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল ব্রাজিলের অনূর্ধ্ব 17 ফুটবল দল। সেই ম্যাচে ভারতকে 3-1 ব্যবধানে হারালেও ভারতের হয়ে ওই একমাত্র গোলটা করেছিলেন কোমল থাটাল। আর সেই সূত্র ধরেই ইতিহাসের পাতায় নিজের নাম তুলে নেন এই ভারতীয় ফুটবলার। এদিন, ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয় দলের এই ফুটবলারের পারফরমেন্স মুগ্ধ করেছিল ব্রাজিল দলের তৎকালীন কোচকেও।
ভারতের বিরুদ্ধে ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে ব্রাজিলের সেই সময়কার কোচ কার্লোস আমাদেউ প্রশংসা করেছিলেন ভারতীয ফুটবলারের। বলেছিলেন, 10 নম্বর জার্সির ওই ভারতীয় ফুটবলার দুর্দান্ত খেলেছে। তাঁর গোলটা যথেষ্ট নজরকাড়া। সে বছর, ভারতের হয়ে ব্রাজিলকে গোল করার পর ভারতীয় সংবাদমাধ্যমে ছেপে গিয়েছিল থাটালের নাম। বলা হয়েছিল, তিনিই একমাত্র ভারতীয় যিনি পুরুষ ফুটবলে ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে গোল করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশের পর ভারতের বিদ্যুতে চলবে নেপালও, বড় সিদ্ধান্ত মোদি সরকারের
বলাই বাহুল্য, পুরুষদের ফুটবলে 25 বছর বয়সী কোমলের পর আর কোনও ভারতীয় ফুটবলার ব্রাজিলকে গোল করতে পারেনি। তবে বলে রাখা প্রয়োজন, মহিলাদের ফুটবলে বিশ্বজয়ী এই দলটিকে গোল খাইয়েছিলেন ভারতীয় নারী মনীষা কল্যাণ। ব্রাজিলের সিনিয়র ফুটবল দলের বিরুদ্ধে মাঠে নেমে দেশের জন্য ঐতিহাসিক গোলটি করেছিলেন তিনি। সেই সূত্রে মেয়েদের ফুটবলে তাঁর নাম স্মরণীয় হয়ে রয়েছে।