সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ডিজিটাল লেনদেনের যুগে ইউপিআই (UPI Payment) ব্যবহার করেন না, এমন মানুষ হাতে গুনেও খুঁজে পাওয়া দুষ্কর। অনলাইন শপিং থেকে শুরু করে মুদিখানার দোকান বা চায়ের দোকান, এখন সব জায়গাতেই ইউপিআই-র মাধ্যমে পেমেন্ট করে থাকেন মানুষজন। তবে জানা গিয়েছিল, এবার থেকে ২০০০ টাকার বেশি লেনদেন করলেই গুনতে হবে অতিরিক্ত চার্জ। সেই ইস্যুতেই সোমবার কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, ব্যাংক বা সিস্টেম প্রদানকারী সংস্থা ২০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন বা RuPay ডেবিট কার্ড ব্যবহার করে করা পেমেন্টের উপর কোনও চার্জ আরোপ করতে পারবে না।
২০০০ টাকা পর্যন্ত লেনদেন চার্জমুক্ত
সম্প্রতি পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট ২০০৭-র ১০এ ধারা অনুযায়ী এই নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম ২০০৭-র এই ধারা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার এবার থেকে RuPay দ্বারা চালিত ডেবিট কার্ড এবং ২০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনের উপর কোনও রকম চার্জ আরোপ করতে পারবে না। তবে তার উপরের লেনদেনের ক্ষেত্রে নেওয়া হতে পারে চার্জ।
বিজ্ঞপ্তিতে ২০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন সম্পূর্ণ চার্জমুক্ত রাখা হলেও একটি নির্দিষ্ট সীমার উপরে কিছু ইউপিআই মার্চেন্ট লেনদেনের উপর নামমাত্র এমডিআর বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও সরকার আগস্ট মাসেই ইঙ্গিত দিয়েছিল যে ব্যক্তি থেকে ব্যক্তির লেনদেন সম্পূর্ণ চার্জমুক্ত থাকবে। কিন্তু ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে সামান্য চার্জ নেওয়া হতে পারে। পাশাপাশি রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যে, যদি কোনও ফি চালু করা হয়, তাহলে গ্রাহকদের পরিবর্তে ব্যবসায়ীরাই তা পরিশোধ করবেন।
আরও পড়ুন: বামেদের চ্যালেঞ্জ! বিশ্বকর্মা পুজোয় নবান্নে একসঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়ার ডাক মুখ্যমন্ত্রীর
সরকার জানিয়েছে, ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও প্রতিযোগিতামূলক এবং দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিকে সমর্থন করার জন্যই এই উদ্যোগ। এমনকি অর্থ মন্ত্রণালয় প্রস্তাবিত নীতি পরিবর্তনের পেছনে বাহ্যিক প্রভাব থাকার খবরও প্রত্যাখ্যান করে তা ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেছে। সবচেয়ে বড় ব্যাপার, গত আগস্ট মাসেই ইউপিআই-র মাধ্যমে ২৯.৮২ ট্রিলিয়ন রুপি মূল্যের ২৪.৫১ বিলিয়ন লেনদেন সম্পন্ন হয়েছে।