মোদীকে দেওয়া হবে ভারতরত্ন সম্মান? জল্পনার মাঝেই মুখ খুললেন জেপি নাড্ডা

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) ৭৬তম জন্মদিন। তাঁর এই জন্মদিনকে ঘিরে বিজেপির তরফে সেবা সংকল্প অভিযান কর্মসূচির ঘোষণা করেছে। ইতিমধ্যেই জনসচেতনতা বৃদ্ধি থেকে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া একাধিক কর্মসূচিকে এক ছাতার তলায় এনে রাজ্যজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ পালনের নির্দেশ দিয়েছে নবান্ন। আর এসবের মাঝেই জল্পনা উঠছে এবার বিজেপির তরফে ভারতরত্ন (Bharat Ratna) পুরস্কার দেওয়া হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু সেই নিয়ে এবার সরাসরি মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা (J. P. Nadda)।

কী বলছেন জেপি নাড্ডা?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল মঙ্গলবার, কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে সেবা সংকল্প অভিযান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। অনুষ্ঠান শেষে তিনি একটি সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতরত্ন পুরস্কার দেওয়া নিয়ে যে জল্পনা উঠছে তাই নিয়ে প্রশ্ন করা হয়। তিনি স্পষ্ট জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতরত্ন প্রদানের বিষয়ে ভারতীয় জনতা পার্টির মধ্যে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি। সর্বোচ্চ বেসামরিক সম্মানের বিষয়ে দল সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে।”

রাহুল গান্ধীকে কটাক্ষ জেপি নাড্ডার

প্রধানমন্ত্রীকে ভারতরত্ন সম্মান দেওয়ার প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছিলেন যে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক নেতা। গণতন্ত্র এবং জনগণকে সঙ্গে না নিয়ে দেশের রূপান্তর এবং একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার পথে অগ্রগতি সম্ভব হত না।” এরপরই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রসঙ্গ উঠতেই নাড্ডা বলেন, “কিছু লোক অর্থনীতির ‘E’ অক্ষরটিও জানে না। আপনি যে ব্যক্তির কথা উল্লেখ করেছেন, তিনিও সেই শ্রেণীর অন্তর্ভুক্ত।” এদিকে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে এখনও দলের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতরত্ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুন: “আমি এখনও শেষ হয়ে যাইনি..” ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে বিশেষ বার্তা অভিষেকের

উল্লেখ্য, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যের সমস্ত দফতর, জেলা প্রশাসন, পুরসভা ও ব্লক প্রশাসনকে সমন্বিতভাবে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে নবান্ন। রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এবং তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহনের স্বাক্ষরিত নির্দেশিকায় দশটি মূল কর্মসূচির কথা বলা হয়েছে। এছাড়াও আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ‘আশীর্বাদের প্রদীপ’ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হবে বলেও জানান হয়েছে।

Leave a Comment