প্রীতি পোদ্দার, কলকাতা: জলের উপর বিশালাকার পাতা, আর তার উপরেই বসে ভেসে চলেছেন পূর্ণবয়স্ক মানুষ.. এমনই আশ্চর্য চিত্র দেখা গেল হাওড়ার (Howrah) শিবপুরে আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন)। জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে উদ্যানের বিশেষজ্ঞ কর্মী থেকে শুরু করে দর্শনার্থীরাও বোটানিকাল গার্ডেনে এই পাতায় বসার অভিজ্ঞতা উপভোগ করে চলেছেন। সেই পরীক্ষায় সফলতা আসতেই তাই এবার পর্যটকদের রোমাঞ্চকর অনুভূতি আরও প্রস্ফুটিত করে তুলতে চালু হল ‘জায়ান্ট ওয়াটার লিলি’ রাইড (Giant Water Lily Ride)।
চালু হল ‘জায়ান্ট ওয়াটার লিলি’ রাইড।
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, জলের উপর যে সমস্ত উদ্ভিদ জন্মায় তার মধ্যে সবচেয়ে বড় হল শাপলা ফুল, যার বৈজ্ঞানিক নাম ভিক্টরিয়া আমাজনিকা। মূলত এই লিলি প্রজাতির বিশালাকার পাতার উদ্ভিদ বেশি দেখা যায় দক্ষিণ আমেরিকার। ১৮৫০ সালে সংরক্ষণ ও গবেষণার জন্য বৈজ্ঞানিক রবার্ট স্কট এই উদ্ভিদ নিয়ে আসেন শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে। কিন্তু দুঃখের বিষয় ২০২০ সালে ঘূর্ণিঝড়ে আমফানের কারণে ক্ষতিগ্রস্ত হয় এই গাছটি। এরপর উদ্যান কর্তৃপক্ষের উদ্যোগে নতুন করে সংরক্ষণের কাজ শুরু হয়। অবশেষে সেই কাজে মিলল বড় সাফল্য, চালু হল ‘জায়ান্ট ওয়াটার লিলি’ রাইড।
সর্বোচ্চ ৯০ কেজি ওজন নিতে পারবে এই পাতা
জানা গিয়েছে, নয়া চালু হওয়া এই রাইডের মাধ্যমে প্রায় চার ফুট ব্যাসার্ধের এই পাতায় বসে আনন্দ নিতে পারবেন পর্যটকেরা। প্রায় ৯০ কেজি ওজন পর্যন্ত মানুষ এই পাতায় বসতে পারেন। বিশালাকার পাতার উপরে হালকা থার্মোকলের সাহায্যে ভেসে থাকছেন ছোট থেকে বড় সকলেই। এছাড়াও এর ফলে মানুষের ওজন সরাসরি পাতায় না পড়ে চারপাশে ছড়িয়ে যায় এবং পাতা ছিঁড়ে যাওয়ার ঝুঁকি থাকে না। উদ্যানের অধিকর্তা কনাদ দাস ও গার্ডেন ইনচার্জ মানস ভৌমিকের উদ্যোগে এই ‘জায়ান্ট ওয়াটার লিলি রাইড’ (Giant Water Lily Ride) আনা হয়েছে পর্যটকদের জন্য। জানা গিয়েছে, দেশের মধ্যে এটি প্রথম এমন রাইড। এখনও পর্যন্ত প্রায় ২৫০ জন পর্যটক এই আনন্দ উপভোগ করেছেন।
আরও পড়ুন: মোদীকে দেওয়া হবে ভারতরত্ন সম্মান? জল্পনার মাঝেই মুখ খুললেন জেপি নাড্ডা
উদ্যানের গবেষক ডঃ আর সরবানন জানান, বোটানিক্যাল গার্ডেনে নানা ধরনের জলজ উদ্ভিদ রয়েছে। তবে ভিক্টোরিয়া অ্যামাজোনিকাকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ বেশি। বিশাল গোলাকার পাতা, লম্বা কাঁটাযুক্ত কাণ্ড এবং তুলনায় ছোট গোলাপি ফুলই তার প্রধান বৈশিষ্ট্য। তাই কর্তৃপক্ষের পরিকল্পনা, আগামী বছর থেকে সাধারণ দর্শনার্থীদের জন্যও এই অভিজ্ঞতা চালু করা হবে। অর্থাৎ ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত বোটানিক্যাল গার্ডেনে এসে দর্শনার্থীরা বিরল এই জলজ উদ্ভিদ দেখার পাশাপাশি তার বিশাল পাতায় বসে ভেসে থাকার সুযোগও পেতে পারেন।