জিম্বাবুয়ে, উগান্ডার সাথে অবস্থান! আরও ৭ ধাপ নিচে নামল ভারতীয় পাসপোর্ট

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ধাক্কা খেল ভারতীয় পাসপোর্ট (Indian Passport)। বিশ্বের অন্যান্য দেশের পাসপোর্টগুলির সর্বশেষ রিয়েল টাইম গ্লোবাল র‍্যাঙ্কিং অনুযায়ী ভারতের পাসপোর্ট পিছল আরও ৭ ধাপ। এমনকি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবেই তালিকায় উঠে এসেছে। অন্যদিকে ভারত রয়েছে ৭৩ তম স্থানে। পাশাপাশি আফগানিস্তান রয়েছে সবচেয়ে তলানিতে। কী বলছে সামগ্রিক রিপোর্ট?

পাসপোর্ট ইনডেক্সে আরও পিছল ভারত

প্রথমেই বলে রাখি, পাসপোর্ট ইনডেক্স হল বিশ্বের প্রথম ইন্টারেক্টিভ পাসপোর্ট র‍্যাঙ্কিং টুল যা নতুন ভিসা ছাড় বা কোনও পরিবর্তন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে নিয়মিত আপডেট করা হয়ে থাকে। এর মাধ্যমে বোঝা যায় সংশ্লিষ্ট দেশের নাগরিকরা ঠিক কয়টি দেশে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি পায়, এমনকি অন অ্যারাইভাল ভিসার সুবিধাও অন্তর্ভুক্ত থাকে এর মধ্যে। এই স্কোর যত বেশি হয়, সেই দেশ তত উন্নত পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে উপরে উঠে আসে।

রিপোর্টে ১৮১ মোবিলিটি স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে জায়গা পেয়েছে। কারণ, এই দেশের পাসপোর্টধারীরা একসঙ্গে ১৩৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার পান। এর পাশাপাশি ৪৩টি দেশে পৌঁছনোর পর ভিসার সুবিধা অর্থাৎ অন অ্যারাইভাল ভিসা এবং ১৭টি দেশের জন্য ভিসার প্রয়োজন পড়ে। তবে ভারতকে নিয়ে যদি কথা বলি, তাহলে বর্তমানে পাসপোর্ট পাওয়ার র‍্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান একেবারে ৭৩ নম্বরে এবং দেশের মোবিলিটি স্কোর ৬৯। জানলে অবাক হবেন, ভারত বর্তমানে জিম্বাবুয়ে, উগান্ডা, উজবেকিস্তান, ভিয়েতনামের সঙ্গে এই তালিকায় অবস্থান করছে।

আরও পড়ুন: গয়না বানানো আরও ব্যয়বহুল, একধাক্কায় ৬৬% বাড়ল সোনার হলমার্কিং চার্জ

বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা মাত্র ২৫টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান এবং ৩৯টি দেশে অন অ্যারাইভাল ভিসার সুবিধা পেয়ে থাকেন। এর পাশাপাশি ১২৯টি দেশে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন পড়ে। উল্লেখ্য, ২০২৫ সালে ভারতের পাসপোর্ট পাওয়ার র‍্যাঙ্ক ছিল ৬৬, যা ২০২৬ সালে আরও ৭ ধাপ নিচে নেমে গিয়েছে। ২০২৫-এ ভারতীয় পাসপোর্টধারীরা ২৫টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পেতেন। এর পাশাপাশি ৪৪টি দেশে অন অ্যারাইভাল ভিসার সুবিধা এবং ১২৫টি দেশের জন্য ভিসার প্রয়োজন ছিল। তবে গত বছরের তুলনায় আরও ৫টি দেশে ভিসা অন অ্যারাইভাল সুবিধা হারিয়েছে ভারতীয় পাসপোর্টধারীরা।

Leave a Comment