অন্নপূর্ণা যোজনা তো ছিলই, এবার আবাস নিয়েও মহিলাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার (Awas Yojana) আওতায় নতুন করে যে সমস্ত বাড়িগুলি তৈরি হতে চলেছে, সেগুলির মালিকানা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে আয়োজিত ‘অন্নপূর্ণা দিবস’-এর কর্মসূচিতে তিনি জানান, নতুন আবাস যোজনার বাড়িগুলি মহিলাদের নামে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ নতুন বাড়িগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারের মহিলা সদস্যদের মালিকানাকেই কেবল গুরুত্ব দেওয়া হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এই প্রকল্পের আওতায় অসংখ্য বাড়ি তৈরি হতে চলেছে এবং তার জন্য ইতিমধ্যেই তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়ে গিয়েছে। এর ফলে আবাস যোজনার সুবিধা পাওয়া পরিবারগুলিতে মহিলাদের নামে বাড়ির মালিকানা নিশ্চিত করার বিষয়টি উঠে এসেছে।

মহিলাদের নামেই হবে আবাস যোজনার বাড়ি

প্রসঙ্গত, গ্রামীণ এলাকার দরিদ্র ও আবাসহীন পরিবারগুলিকে পাকা বাড়ি দেওয়ার উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করা হয়েছিল। কেন্দ্রীয় প্রকল্পের আওতায় বাড়ির মালিকানায় মহিলাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও অনেক আগে থেকেই রয়েছে। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, দেশজুড়ে PMAY-এর বিপুল সংখ্যক বাড়ি কোথাও কোথাও শুধুই মহিলা আবার কোথাও যৌথভাবে মহিলা ও পুরুষের মালিকানায় রয়েছে। ফলে বাংলায় নতুন বাড়ির ক্ষেত্রে মহিলা সদস্যের নামে মালিকানা দেওয়ার ঘোষণা সেই বৃহত্তর নীতিরই একটি অংশ মাত্র।

৫০ লক্ষের বেশি বাড়ির তালিকা, জানালেন মুখ্যমন্ত্রী

শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনায় পশ্চিমবঙ্গে ৫০ লক্ষেরও বেশি বাড়ি তৈরি হতে চলেছে। তার জন্য উপভোক্তাদের তালিকাও প্রস্তুত করা হয়েছে। এই বাড়িগুলির ক্ষেত্রে পরিবারের মহিলা সদস্যদের নামে চুক্তি বা মালিকানা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। ফলে শুধু একটি পাকা ছাদ পাওয়াই নয়, সেই বাড়ির ওপর পরিবারের মহিলার অধিকার নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে আবাস যোজনার বাড়িকে কেন্দ্র করে মেয়েদের সম্পত্তির অধিকার আরও স্পষ্ট হবে এমনটাই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: “আমি আগে ডাক্তার” প্রদীপ চাইতেই মণ্ডল সভাপতিকে তুলোধোনা বিজেপি বিধায়ক সুময় হীরার

এদিকে, চলতি বছরের জুলাইয়ে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আরও ১ লক্ষ গ্রামীণ বাড়ির অনুমোদনের খবর সামনে এসেছিল। পাশাপাশি রাজ্য সরকার ‘পশ্চিমবঙ্গ আবাস’ প্রকল্পের মাধ্যমেও বাড়ি তৈরির কাজ চালাচ্ছে। ফলে আবাসন সংক্রান্ত একাধিক প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসন অত্যন্ত তৎপর হয়ে উঠেছেন। এর মধ্যেই নতুন PM Awas-এর বাড়ির মালিকানা মহিলাদের হাতে তুলে দেওয়ার এই ঘোষণা, মহিলা-কেন্দ্রিক মালিকানা, মহিলাদের সমাধিকারের বিষয়টিকে আরও কিছুটা সামনে নিয়ে এসেছে।

Leave a Comment