ফের ত্রাতা হয়ে দাঁড়াল ভারত, পাইপলাইনে করে বাংলাদেশে পাঠাল ৪৭ লক্ষ লিটার ডিজেল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান এবং আমেরিকার মধ্যেকার চলমান সংঘাতের কারণে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি জ্বালানির বিশ্ববাজার। বন্ধ রয়েছে হরমুজ প্রণালী (Strait Of Hormuz)। যার প্রভাব পড়ছে আমদানি নির্ভর প্রায় সব দেশেই। এমতাবস্থায়, তেল নিয়ে একপ্রকার সংকটের মাঝেই কাছের প্রতিবেশী বাংলাদেশকে নতুন করে 47 লক্ষ লিটার ডিজেল পাঠালো ভারত (India-Bangladesh Diesel)। রিপোর্ট অনুযায়ী, গত 13 সেপ্টেম্বর থেকে মৈত্রী চ্যানেল বা পাইপলাইনের মাধ্যমে এদেশ থেকে ডিজেল সরবরাহ শুরু হয় ওপার বাংলায়। শেষমেশ 15 সেপ্টেম্বর বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছেছে 47 লক্ষ লিটার তেল।

সম্পর্কের টানাপোড়নের মধ্যেও তেল পেল বাংলাদেশ

শেখ হাসিনার পতনের পরই বাংলাদেশের সাথে অন্য খাতে বয়ে যায় ভারতের সম্পর্ক। আশা করা গিয়েছিল, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার পর এবার হয়তো দু’দেশের সম্পর্ক আবার আগের অবস্থায় ফিরবে। যদিও সেই স্বপ্ন আপাতত স্বপ্নই থেকে গিয়েছে! এখনও পর্যন্ত ভারত সফরে আসেননি ওপার বাংলার প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্রিকস সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও ভারতের অতিথি হননি তিনি। তবে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকলেও ডিজেল নিয়ে প্রতিবেশীর পাশে দাঁড়াল নয়া দিল্লি।

জানা গিয়েছে, গত 13 সেপ্টেম্বর সকাল থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহের কাজ শুরু হয়। যা 15 সেপ্টেম্বর শেষ হয়েছে। জানা যাচ্ছে, 72 তম চালান হিসেবেই বাংলাদেশেকে ডিজেল সরবরাহ করেছে নয়া দিল্লি। বলে রাখা প্রয়োজন, গত মার্চ মাসে, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে ওপার বাংলায় তেল সংকট দেখা দিলে বাংলাদেশকে 17 হাজার মেট্রিক টন ডিজেল পাঠিয়েছিল ভারত। পরবর্তীতে এপ্রিল, মে এবং জুলাই মাসেও বাংলাদেশকে যথাক্রমে 25 হাজার, 8 হাজার এবং পুনরায় 8 হাজার মেট্রিক টন ডিজেল পাঠিয়েছিল ভারত।

 

আরও পড়ুন: যমরাজের বেশে বীরেন্দ্র সেহবাগ, ক্রিকেট ছেড়ে নতুন ইনিংস শুরু ভারতীয় তারকার

না বললেই নয়, 2018 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির অধীনেই এ পর্যন্ত মোট প্রায় 3 লাখ 31 হাজার মেট্রিক টন ডিজেল পাঠানো হয়েছে বাংলাদেশে। তবে ওই চুক্তি অনুযায়ী বাংলাদেশ পাবে 20 লাখ মেট্রিক টন ডিজেল। যদিও সর্বশেষ অর্ডার বা চালানটির জন্য গত আগস্ট মাসে আবেদন জানিয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা। আর সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ওপার বাংলায় গেল ভারতীয় তেল।

Leave a Comment